সকাল থেকেই নাগোয়ার আকাশ ছিল মেঘলা। বিকেল পর্যন্ত শিল্পের এই নগরীতে বৃষ্টি নামেনি। তার পরও আউট ফিল্ড ভেজা থাকায় পাকিস্তান- হংকং এবং ভারত-আফগানিস্তান ম্যাচ বাতিল হয়েছে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত ও পাকিস্তান গেছে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে।
একই পরিণতি হওয়ার সম্ভাবনা আজকের দুটি ম্যাচেও। কারণ গতকাল সোমবার সন্ধ্যা থেকে নাগোয়ার আকাশ থেকে পানি পড়তে শুরু করেছে। কখনও টিপটিপ আবার কখনও মুষলধারায়।
বেরসিক এই বৃষ্টি বলছে আজ মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ- মালয়েশিয়া ম্যাচ ঘিরেও আছে অনিশ্চয়তা। একই সঙ্গে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচেও বৃষ্টি বাগড়া দিতে পারে। শেষ পর্যন্ত ম্যাচ দুটি পণ্ড হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা যাবে শেষ চারে।
করোগি স্পোর্টস পার্কে বাংলাদেশের ম্যাচটি শুরু হওয়ার কথা আজ বেলা ১১টায়। আবহাওয়া কর্তৃপক্ষ বলছে মঙ্গলবারও বৃষ্টি থাকবে আইচি নাগোয়ায়। বৃষ্টির কারণে গত দুই দিন ঠিকমতো অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। গতকাল করোগির পাশেই ফুটবল মাঠে অনুশীলনের জন্য সবাই গিয়েছিলেন। কিন্তু মাঠ অপ্রস্তুত থাকায় খুব বেশি সময় অনুশীলন করা যায়নি।
গেমসের মঞ্চ আর জাপান ক্রিকেটবান্ধব দেশ না হওয়ায় অধিনায়ক লিটন কুমার আগে থেকেই জানতেন সূর্যোদয়ের দেশে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাবেন না। ম্যাচের আগের দিন এমন কথাই ফুটে উঠেছে তাঁর কণ্ঠে, ‘দেশ থেকে আসার আগেই আমরা অনেক অনুশীলন করেছি। খেলোয়াড়দের একটা কথাই বলেছি, ওখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না-ও থাকতে পারে।’
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে পাকিস্তানকে। মালয়েশিয়া এই দলের কোচ হিসেবে আছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। বাংলাদেশ সম্পর্কে তাঁর ধারণা আছে। আর সাবেক গুরুর দলের বিপক্ষে নিজেদের মেলে ধরতে প্রস্তুত লিটন-আলিসরা। জ্বরের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত।