রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় কামাল আতাতুর্ক এভিনিউয়ে আহমেদ টাওয়ার নামের ২৬ তলা ভবনের ২৩ তলার একটি বায়িং হাউজে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার ৪০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বনানীর আহমেদ টাওয়ারের ২৩ তলায় অবস্থিত একটি বায়িং হাউজে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুন লাগা ভবনটি বনানীর এফআর টাওয়ারের ঠিক পাশে অবস্থিত। ২০১৯ সালের এফআর টাওয়ারে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন। ওই দুর্ঘটনায় আহত হয়েছিলেন অন্তত ৭০ জন।

ই-মেইল: [email protected], [email protected]