একটি রুটি, এক কাপ চা, আর বাবার প্রতি একটি শিশুর ভালবাসা, দেশ-বিদেশের নেটিজেনদের হৃদয়কে নাড়া দিয়েছে। চুরির চেষ্টার অভিযোগে মারধর করে হাত-পা বেঁধে রাখা বাবাকে মুখে খাবার তুলে দিচ্ছে তাঁর শিশুকন্যা– এমন ভিডিও ভাইরাল হওয়ার পর সেই অনিক সিকদারের পরিবারের পাশে দাঁড়াতে বিভিন্ন মানুষ এগিয়ে আসছেন।
রোববার বিকেলে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা অনিক সিকদারের বাড়িতে যান। এ সময় অনিকের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারটিকে নতুন করে স্বাভাবিক জীবনের ব্যাপারে আশ্বস্ত করেন তিনি। ইউএনওর উদ্যোগে গতকাল সোমবার অনিক সরদারকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও আলী সুজা বলেন, পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অনিক সরদারকে সংশোধনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় রিহ্যাবে পাঠানো হয়েছে। সেখানে তিনি টানা তিন মাস চিকিৎসা গ্রহণ করবেন। অনিক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তার স্ত্রী যেন কাজ করে স্বাবলম্বী হতে পারেন, সে বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে। তার শিশুকন্যাকেও পড়াশোনা চালিয়ে যেতে সার্বিক সহযোগিতা করা হবে। শিশুটির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে, যাতে ইচ্ছুক যে কেউ সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন।
এদিকে উই আর বাংলাদেশের (ওয়াব) প্রতিষ্ঠাতা ও সিইও এসএম আকবরও অনিক সিকদারের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, অনিক তার ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভালো ও আলোর পথে ফিরে আসতে চায়। এ জন্য আমরা তার কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছি। পাশাপাশি তার মেয়ের লেখাপড়ার দায়িত্ব আমরা নিতে চাই।
ই-মেইল: [email protected], [email protected]