প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৩

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। তাদের দাবি, দীর্ঘদিনের বাস্তুচ্যুত জীবনের অবসানে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি বা আন্তর্জাতিক সহমর্মিতা নয়, প্রত্যাবাসনের জন্য সুনির্দিষ্ট, সময়ভিত্তিক ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রয়োজন।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানানো হয়।

সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, ২০১৭ সালের পর প্রায় নয় বছর ধরে বাংলাদেশে বাস্তুচ্যুত জীবন কাটাচ্ছেন তারা। এই সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সংহতি পেলেও প্রত্যাবাসনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ফলে রোহিঙ্গাদের ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে।

রোহিঙ্গা নেতাদের দাবি, তাদের নিজ দেশে ফেরাতে এবার কার্যকর ও সময়বদ্ধ উদ্যোগ নিতে হবে। তাদের মতে, রোহিঙ্গা সংকটের মূল উৎপত্তি মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও সেখানে করতে হবে। তবে প্রত্যাবাসনের আগে নিরাপত্তা, অধিকার, নাগরিক মর্যাদা ও স্বাধীনভাবে চলাফেরার সুযোগ নিশ্চিত করতে হবে।

ইউসিআরের নেতারা বলেন, অতীতে সহিংসতা ও নিপীড়নের কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ভবিষ্যতে একই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না- এমন বিশ্বাসযোগ্য নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসন টেকসই হবে না।