পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

শনিবার জেলার দারাজিন্দা এলাকার আমান মেলার কাছে ওই হামলার ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, বিস্ফোরণের পর তাদের দল ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং হাসপাতালে নিয়ে যায়।

ডেরা ইসমাইল খানের পুলিশপ্রধান সফদার বালোচ বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশ, কাস্টমস কর্মকর্তা ও বন বিভাগের সদস্য রয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ কর্মকর্তা, কাস্টমসের কর্মী এবং অন্তত দুজন বেসামরিক নাগরিক রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চেকপোস্টে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। হামলার আগে বন্দুকযুদ্ধ হয়েছিল বলেও খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলার ঘটনায় পাকিস্তান তালেবান (টিটিপি) জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ডেরা ইসমাইল খান বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশের সংযোগস্থলের কাছে অবস্থিত। পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সেখানে চোরাচালান ঠেকাতে পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য সরকারি কর্মকর্তারাও দায়িত্ব পালন করেন।

এদিকে এই হামলার দুই দিন আগে পাকিস্তান ও আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিম সীমান্তে সংঘর্ষে অন্তত ১৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে পাকিস্তান সরকার জানিয়েছিল।