প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরা অংশ নেন।
এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানও এতে অংশ নেন।
পাঁচ দিনের সফরে গত সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদ সফর। তার এ সফরকে ঘিরে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। একই সময়ে তার যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে জাতিসংঘ সদরদপ্তরের কাছে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।