পটুয়াখালীতে বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিতার্কিকরা। ছবি
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে বুধবার পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীতে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এবারের উৎসবে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন খুদে বিতার্কিক।
প্রথম পর্বে প্রতিযোগী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম রাউন্ডে ‘স্কুল শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা জরুরি’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয়ে সেমিফাইনালে ওঠে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়।
সেমিফাইনালে ‘প্রযুক্তির প্রতি আসক্তি তরুণদের অলস ও সমাজবিচ্ছিন্ন করছে’ বিষয়ে বিতর্কে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পটুয়াখালী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ফাইনালে ওঠে।
ফাইনালে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য হুমকি নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়ে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পক্ষে থাকা পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের হর্টিকালচার বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।