প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৩
কক্সবাজারের উখিয়ায় সাগরপাড় থেকে এক দিনে অজ্ঞাতপরিচয় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৩টার মধ্যে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
উখিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর বিকেল পৌনে ৩টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকার সাগরপাড় থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। ওই দুটিরও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া তিনজনের কারও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। গত সোমবার টেকনাফ সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় কোস্টগার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করে। তবে কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ এসব মরদেহের মধ্যে আছেন কি না, তা যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।