যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে আইনি চাপে পড়েছে ফেসবুক ও টিকটক। নিউ মেক্সিকোর একটি জুরি ফেসবুককে ভোক্তা সুরক্ষা-সংক্রান্ত ৪৩টি অঙ্গরাজ্য আইন লঙ্ঘনের জন্য দায়ী সাব্যস্ত করেছে। একই দিনে আলাবামায় মামলার শুনানির আগে টিকটক ও এর চীনা মূল কোম্পানি বাইটড্যান্স ১০ কোটি ডলারের সমঝোতায় সম্মত হয়েছে।
কেমব্রিজ অ্যানালিটিকা এখন আর কার্যক্রম চালায় না। প্রতিষ্ঠানটি সংগৃহীত তথ্য ব্যবহার করে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সহায়তা করেছিল এবং ব্রেক্সিটপন্থী একটি গোষ্ঠীর সঙ্গেও কাজ করার পরিকল্পনা করেছিল।
নিউ মেক্সিকোর জুরিরা রায়ে বলেন, কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর ব্যবহারকারীদের তথ্য সংগ্রহকারী তৃতীয় পক্ষের বিরুদ্ধে তদন্তের বিষয়ে ফেসবুক সাধারণ মানুষকে বিভ্রান্ত বা প্রতারিত করেছিল। জুরিরা আরও দেখেছেন, নিউ মেক্সিকোর ২০ লাখের বেশি মানুষের তথ্য সুরক্ষা নিয়ে ফেসবুক বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করেছিল।
শুক্রবার নিউ মেক্সিকোর বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, এই রায় রাজ্যের ভোক্তাদের জন্য বড় জয় এবং বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি কোম্পানিকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় এনেছে।
এপি-কে পাঠানো এক ইমেইলে মেটার মুখপাত্র অ্যালেক্স বার্গোস বলেন, তারা এই রায়ের সঙ্গে একমত নন এবং কোম্পানির কার্যক্রম ও রেকর্ডকে বিকৃত করার প্রচেষ্টার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরা অব্যাহত রাখবেন।
শিশুদের নিরাপত্তা-সংক্রান্ত একটি মামলায় ১৮ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে মেটার সমঝোতার পরপরই নিউ মেক্সিকোর এই রায় এলো। কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য ফাঁসের ঘটনায় নিউ মেক্সিকোই একমাত্র অঙ্গরাজ্য, যারা মামলা চালিয়ে যায়। কারণ, ১৩০ পৃষ্ঠার ওই সমঝোতা চুক্তির একটি ধারায় মেটাকে কেলেঙ্কারি-সংক্রান্ত ভবিষ্যৎ দায়বদ্ধতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।