বন্দর উপজেলার তিনগাঁওয়ের একটি পুকুরপাড়ে হাঁটছে কুমির ভিডিও থেকে নেওয়া
নারায়ণগঞ্জে বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় লোকালয়ে চার দিন ধরে একটি কুমিরকে দেখা যাচ্ছে। নদী থেকে বেশ দূরে তিনগাঁওয়ে কুমির কোত্থেকে এলো তা নিয়ে কৌতূহলের পাশাপাশি আতঙ্কও দেখা দিয়েছে। বন বিভাগ এটিকে শান্ত প্রজাতির মিঠাপানির কুমির হিসেবে চিহ্নিত করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তারা এটিকে ধরার চেষ্টা করছে। গত রোববার কুমিরটির দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কুমিরটি গ্রামের একটি বাড়ির পাশ দিয়ে শান্তভাবে হেঁটে যাচ্ছে। একজন কুমিরটির ওপর আলো ফেলে ভিডিও করছিলেন। মানুষের উপস্থিতি বুঝতে পেরে এটি পাশের জলাশয়ে ঢোকার চেষ্টা করে। কিন্তু জলাশয়ে মশারির নেট দিয়ে রাখায় ঢুকতে পারছিল না। আরেকটি ভিডিওতে এটিকে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে জলাশয়ে নেমে পড়তে দেখা যায়।
তিনগাঁও এলাকার মনোয়ার হোসেন বলেন, গত শুক্রবার প্রথমে কুমিরটিকে একটি পুকুরে দেখা যায়। পরে পাশের আরেকটি পুকুরে চলে যায়। এটি এলাকার বিভিন্ন পুকুরে ঘোরাফেরা করছে। এলাকায় বেশ কয়েকটি বড় বড় পুকুর ও জলাশয় রয়েছে। রয়েছে ঝোপঝাড়। এসব পুকুরে মাছ চাষ হয়। এসব পুকুরের মাছ খেয়ে এটি দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছিল বলে তাঁর ধারণা। কোনো কারণে তাঁর থাকার জায়গা নষ্ট হওয়ায় সে নতুন জায়গার খোঁজে ঘুরছে বলে তিনি মনে করছেন।
বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে গত রোববার বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি ধরার চেষ্টা করেন। পরে ঢাকার বন্যপ্রাণী উদ্ধারকারী দলও চেষ্টা করে। তবে এটিকে আটক করা সম্ভব হয়নি। ঢাকা থেকে আসা বন বিভাগের উদ্ধারকারী দলে থাকা বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক সামাজিক মাধ্যমে কুমিরটিকে ‘মহাবিপন্ন’ মিঠাপানির কুমির হিসেবে উল্লেখ করে জানান, এই প্রজাতির কুমির শান্ত স্বভাবের। এরা সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। এরপরও সতর্কতা হিসেবে তিনি প্রশাসন, বন বিভাগের কর্মী ও সাধারণ মানুষকে কুমিরটি থেকে দূরত্ব বজায় রাখতে পরামর্শ দেন। বন্দরের ইউএনও শিবানী সরকার বলেন, সংশ্লিষ্টরা কুমিরটি ধরার চেষ্টা করছেন। বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করা হয়েছে, সামাজিক মাধ্যমেও গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মিঠাপানির কুমির দেখা যাচ্ছে। গত বছরের ডিসেম্বরে বন্দর উপজেলার সাবদি সংলগ্ন ব্রহ্মপুত্র নদে একাধিক কুমির দেখা যায়। গত ২ জুলাই আড়াইহাজারের হাঁড়ি ধোয়া নদীতে একটি বড় কুমির দেখা যায়।
ই-মেইল: [email protected], [email protected]