ব্রিটিশ বিরোধী বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস উপলক্ষে আলোচনায় বক্তারা বলেছেন, দেশকে মার্কিন সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শাসকগোষ্ঠীর মদদে শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণ চলছে। যা প্রীতিলতার স্বপ্নের বৈষম্যহীন সমাজ ভাবনার সম্পূর্ণ পরিপন্থি।
শুক্রবার বিকেলে এই আলোচনা সভা আয়োজন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে এই আলোচনা সভা হয়।
সাম্রাজ্যবাদ ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলনের বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাবের বাইরে লেখা ছিল ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ’। প্রীতিলতা তাঁর সাহসী স্কোয়াড নিয়ে সেই বর্ণবাদী ও বৈষম্যের আস্তানায় হামলার সিদ্ধান্ত নেন। ১৯৩২ সালের ২৫ সেপ্টেম্বর এই ক্লাব আক্রমণ করেন তিনি। পরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। কোনোভাবেই ব্রিটিশ সাম্রাজ্যের কাছে মাথানত নয়– এই ভাবনা থেকে গ্রেপ্তারের আগ মুহূর্তে পটাশিয়াম সায়ানাইড খেয়ে বীরত্বের সঙ্গে আত্মাহুতি দেন তিনি।
আলোচনায় বক্তারা বলেন– প্রীতিলতা যে শোষণমুক্ত, স্বাধীন ও সমতাভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আজও নারীকে দেখা হয় ভোগের সামগ্রী হিসেবে। পুঁজিবাদী ও পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে বর্তমান সমাজেও ঘরে-বাইরে নারী নির্যাতন, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ এবং বৈষম্য অব্যাহত রয়েছে। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা ও সমঅধিকার এখনও প্রতিষ্ঠা হয়নি। আজকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটলেও এ দেশের সাধারণ মানুষ, ছাত্র সমাজ ও নারী সমাজ পূর্ণাঙ্গ মুক্তি পায়নি। সমাজজুড়ে বহুজাতিক সাম্রাজ্যবাদী লুটেরা শক্তি বিস্তার করছে।
তারা বলেন, বর্তমান সময়ে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের নতুন রূপ এবং সমাজ ও রাষ্ট্রে চলমান সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে প্রীতিলতার লড়াকু আপসহীন চেতনা আমাদের প্রেরণা। সব ধরনের শোষণ, বৈষম্য ও নারী নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মিমি পুজা দাস। বক্তব্য দেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।