রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গতকাল সোমবার বঙ্গভবনে সাক্ষাৎ করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ২২ সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা রাষ্ট্রপতিকে একটি ছবি উপহার দেন ফটো রিলিজ
দেশে জ্বালানি সংকট সবচেয়ে বড় সংকট হয়ে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান সময়ে জ্বালানি সংকটই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বিগত সময়ে দেশের নিজস্ব গ্যাস ও জ্বালানি অনুসন্ধান, আহরণ এবং দীর্ঘস্থায়ী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে জ্বালানি সংকট সমাধানে বর্তমান সরকারের আন্তরিক চেষ্টা অব্যাহত রয়েছে।
গতকাল সোমবার সকালে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন। এ সময় জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করে এ খাতের নানা সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি-সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বস্ত্র খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্ত্র খাতকে এগিয়ে নিতে প্রতিযোগী দেশগুলোর মতো বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্যও বাস্তবভিত্তিক সমন্বিত নীতি-সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি ব্যবসায়ী নেতাদের এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে সরকারের নীতিনির্ধারণী মহলে তুলে ধরার পরামর্শ দেন।
এ সময় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদান তুলে ধরেন। এ সময় প্রতিনিধি দলের নেতারা দেশীয় বস্ত্রকল সুরক্ষায় ১০ থেকে ৩০ কাউন্টের কটন (তুলা) সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখার ওপর জোর দেন।