সিলেটের জালালাবাদ গ্যাস কার্যালয়ে বৃহস্পতিবার নথি দেখছেন দুদক কর্মকর্তারা সমকাল

সিলেটের জালালাবাদ গ্যাস কোম্পানির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের বিপুল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে জালালাবাদ গ্যাস কোম্পানির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা জালালাবাদ গ্যাসের বিভিন্ন নথিপত্র জব্দ করে। জানা গেছে, ৮০ লাখ টাকার রাজস্ব আত্মসাতের সঙ্গে জড়িত দুই কর্মকর্তাকে এরমধ্যে নিয়ম বহির্ভূতভাবে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এ ধরনের সুপারিশ আত্মসাতের ঘটনা ধামাচাপার শামিল বলে জানিয়েছেন জালালাবাদ গ্যাসের এক কর্মকর্তা। এ অবস্থায় বিষয়টি অনুসন্ধানে দুদক সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। জব্দ করা নথিপত্র পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদক সিলেটের উপপরিচালক সুবেল আহমদ। তিনি সমকালকে বলেন, ২০১৮ সাল থেকে গত বছর পর্যন্ত গ্রাহকের প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। প্রাথমিকভাবে তারা দুইজনের সংশ্লিষ্টতা পেয়েছেন।

ই-মেইল: [email protected], [email protected]