তাইওয়ান ইস্যুতে ‘সঠিক অবস্থান’ মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সঠিক অবস্থান মেনে চলা। একই সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা ও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নয়নের ভিত্তি শক্ত করতে ওয়াশিংটনকে তাইওয়ান ইস্যুটি সতর্কতার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
সিনহুয়া জানায়, চীনের জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অবস্থান ‘স্পষ্ট’। বেইজিং স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তবে তাইওয়ান নিজেকে চীন থেকে আলাদা হিসেবে দেখে।
তাইওয়ানের স্বাধীনতাকে বিচ্ছিন্নতাবাদ হিসেবে বিবেচনা করে চীন। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে ঘিরে বেইজিংয়ের সামরিক ও রাজনৈতিক চাপও বেড়েছে।
তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দেশটির আইন অনুযায়ী, তাইওয়ানকে আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে প্রয়োজনীয় উপায় সরবরাহ করার বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখায় তাইওয়ান ইস্যুটি ওয়াশিংটনের জন্য একটি জটিল কূটনৈতিক ভারসাম্যের বিষয়।
ই-মেইল: [email protected], [email protected]