জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চপর্যায়ের বৈঠকে মঙ্গলবার বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁর বক্তব্যে ইরান যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, কিউবার অর্থনৈতিক অবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা প্রসঙ্গ উঠে আসে।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বক্তব্যের শুরুতে ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে কথা বলেন। তাঁর দাবি, দেশটির বিষয়ে তিনি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আছেন। চুক্তি না করলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি কি তাদেরকে এমন নরকে ঠেলে দেব, যেখান থেকে বেঁচে ফেরার সুযোগ থাকবে না?’ হুমকির সুরে এমন কথা বললেও পরে জানান, আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে তিনি মনে করেন।
বক্তব্যে এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। বলেন, যুদ্ধ অবসানে নিকট ভবিষ্যতে মস্কো-কিয়েভের মধ্যে চুক্তি হতে পারে। আমরা দুই দেশের নেতাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। বিষয়টির সমাধান করব। মানুষ যতটা ধারণা করছে, তার চেয়েও দ্রুত সময়ে এটি ঘটবে।
আট যুদ্ধ বন্ধের দাবি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের একাংশ নিজেদের লাইভ ব্লগে তুলে ধরেছে আল জাজিরা। যুদ্ধ বন্ধে নিজের চেষ্টার প্রসঙ্গে ট্রাম্প বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। এটি তাঁর কাছে অত্যন্ত সম্মানের বিষয়। অন্যরা যখন শুধু কথা বলে বেড়ায়, তখন তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন।
গত বছর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় সাতটি যুদ্ধ বন্ধের দাবি করেছিলেন ট্রাম্প। সেগুলো হলো আজারবাইজান-আর্মেনিয়া, কঙ্গো-রুয়ান্ডা, ভারত-পাকিস্তান, ইরান-ইসরায়েল, থাইল্যান্ড-কম্বোডিয়া, মিশর-ইথিওপিয়া এবং কসোভো-সার্বিয়া।