২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা জিতেছিল বাংলাদেশ। তবে সেবার ভারত, পাকিস্তানের মতো টেস্ট খেলুড়ে দেশগুলো মূল দল পাঠায়নি। এবার পরিস্থিতি ভিন্ন। শ্রীলঙ্কা ছাড়া ভারত, পাকিস্তানসহ প্রায় সব দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের প্রস্তুতি এবং ফাইনালে ওঠাকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।

এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়ার আগে বুধবার সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন লিটন। তার মতে, দুটি প্রস্তুতি ম্যাচসহ এবারের ক্যাম্প থেকে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে দল।

লিটন বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দুটো প্র্যাকটিস গেম খেলার সুযোগ পেয়েছি। অনেকদিন পর একসঙ্গে হওয়ার একটা সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়, প্রস্তুতির দিক থেকে আমরা খুবই ভালো অবস্থায় আছি।’

এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য নিয়ে লিটনের বক্তব্যেও ছিল ফাইনালে ওঠার প্রত্যয়। তিনি বলেন, ‘অবশ্যই এখানে একটা লক্ষ্য থাকবে। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে ভালো কিছু করা।’

এবারের এশিয়ান গেমসে ক্রিকেটে সোনার লড়াইয়ে শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও সেদিকে আলাদা করে নজর দিতে চান না লিটন। সাইফউদ্দিনের জায়গায় কে আসবেন, সেটিও নির্বাচকদের সিদ্ধান্ত বলে জানান তিনি। প্রতিপক্ষের চেয়ে নিজেদের প্রস্তুতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। লিটন বলেন, ‘যেকোনো টুর্নামেন্ট খেলতে গেলে কে প্রতিপক্ষ হবে, তার চেয়ে বড় প্রস্তুতি থাকে। আমরা সব দলের জন্যই প্রস্তুত এবং নিজেদের যে প্রস্তুতি নেওয়া দরকার, সেটাই করেছি।’

এশিয়ান গেমসে ক্রিকেটের সোনা জেতার পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সম্ভাবনাকেও বড় লক্ষ্য হিসেবে দেখছেন লিটন। তবে সেটির জন্য আগে এশিয়ান গেমসের মঞ্চে ভালো করার ওপর জোর দিয়েছেন তিনি।