বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (আইএমটিও) মাধ্যমে পাওয়া রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমা করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এসব রেমিট্যান্স প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা করা যাবে।
বুধবার জারি করা এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের সুযোগ বাড়ানো এবং রেমিট্যান্স গ্রহীতাদের সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রচলিত বিধান অনুযায়ী ব্যাংকিং চ্যানেলে প্রাপ্ত অন্তর্মুখী রেমিট্যান্সের বিপরীতে পিএফসি ও এনএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করার সুযোগ রয়েছে। নতুন ব্যবস্থায় বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সও এ সুবিধার আওতায় আনা হয়েছে।
তবে এ ক্ষেত্রে বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার প্রযোজ্য শর্ত ও পরিপালন নিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে রেমিট্যান্স গ্রহীতা ও প্রবাসী বাংলাদেশিরা দেশে বৈদেশিক মুদ্রা হিসাবে অর্থ সংরক্ষণের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন। একই সঙ্গে বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের সুযোগ সম্প্রসারিত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিশেষ করে যেসব প্রবাসী কর্মরত দেশে নিজস্ব ব্যাংক হিসাব পরিচালনা করেন না, তাঁদের জন্য এ সুবিধা সহায়ক হবে। তাঁরা বিদেশে অর্জিত আয়ের একটি অংশ বাংলাদেশে বৈদেশিক মুদ্রা হিসাবে সংরক্ষণ করতে পারবেন।