ইউক্রেনজুড়ে রাশিয়ার সামরিক হামলায় অন্তত আটজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সোমবার ভোরের হামলায় শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ২ হাজার ২০০টির বেশি ড্রোন, ১ হাজার ৬৩০টি আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা এবং ৩৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
খারকিভের মেয়র ইহোর তেরেকভ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে জানান, সোমবার ভোরের দিকে রাশিয়ার একটি গাইডেড আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা একটি বহুতল আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটির দুটি তলা ধ্বংস হয়ে যায়। আহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে।
রোববার ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত হন। উত্তরাঞ্চলীয় সুমি শহরে বিমান হামলায় একটি শিশু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, এতে ১৬ বছর বয়সী এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছেন।
ওদেসা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, কৃষ্ণসাগরীয় অঞ্চলের দক্ষিণাঞ্চলে চালানো ব্যাপক হামলায় একজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন, একটি দোকান, একটি হোটেল, একটি চিকিৎসাকেন্দ্র ও একটি শস্যগুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানী কিয়েভেও রুশ ড্রোন হামলায় একজন নারী ও ১৬ বছর বয়সী দুজন কিশোর-কিশোরী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নগর প্রশাসন জানায়, কিয়েভ অঞ্চলে অবিরাম ড্রোন হামলা চালানো হচ্ছে। এতে ১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ১২টি বাড়ি, একটি গুদাম ও একটি উৎপাদনকেন্দ্র রয়েছে।
জেলেনস্কি রোববার জানান, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন। একই সময়ে কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হন।