কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টার ভবিষ্যৎ নিয়ে ১৯ অক্টোবরের গণভোটকে সামনে রেখে নতুন জরিপে দেখা গেছে, অধিকাংশ বাসিন্দা কানাডার সঙ্গেই থাকতে চান। ইপসসের সর্বশেষ জরিপে ৭০ শতাংশ আলবার্টান প্রদেশটিকে কানাডার অংশ হিসেবেই রাখার পক্ষে মত দিয়েছেন। বিপরীতে ২০ শতাংশ ভবিষ্যতে আলবার্টার স্বাধীনতা নিয়ে একটি বাধ্যতামূলক গণভোট আয়োজনের আইনি প্রক্রিয়া শুরুর পক্ষে মত দিয়েছেন।
তবে ১৯ অক্টোবরের ভোটটি সরাসরি কানাডা থেকে আলবার্টার বিচ্ছিন্ন হওয়ার গণভোট নয়। ব্যালটে ভোটারদের সামনে দুটি বিকল্প থাকবে—আলবার্টা কানাডার একটি প্রদেশ হিসেবেই থাকবে, অথবা প্রাদেশিক সরকার কানাডার সংবিধান অনুযায়ী ভবিষ্যতে একটি বাধ্যতামূলক বিচ্ছিন্নতা গণভোট আয়োজনের আইনি প্রক্রিয়া শুরু করবে। বর্তমান ভোটের ফলেই আলবার্টার বিচ্ছিন্নতা কার্যকর হবে না।
গ্লোবাল নিউজের জন্য ইপসসের জরিপটি ১৮ থেকে ২২ সেপ্টেম্বর অনলাইনে পরিচালিত হয়। এতে ১ হাজার ৫০০ কানাডীয় প্রাপ্তবয়স্কের মতামত নেওয়া হয়, যার মধ্যে ৬০০ জন ছিলেন আলবার্টার বাসিন্দা।
ইপসসের বিশ্লেষণে ভোটার উপস্থিতিকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। কানাডার সঙ্গে থাকার পক্ষে থাকা ভোটারদের তুলনায় বিচ্ছিন্নতার প্রক্রিয়া শুরুর পক্ষে থাকা ভোটাররা ভোট দিতে বেশি আগ্রহী হলে দুই পক্ষের ব্যবধান কমে যেতে পারে বলে জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে অ্যাবাকাস ডাটার ৪ থেকে ৭ সেপ্টেম্বরের জরিপেও একই ধরনের চিত্র পাওয়া যায়। এতে ৬৪ শতাংশ আলবার্টান কানাডার সঙ্গে থাকার পক্ষে এবং ২৪ শতাংশ ভবিষ্যতে বিচ্ছিন্নতার বাধ্যতামূলক গণভোট আয়োজনের আইনি প্রক্রিয়া শুরুর পক্ষে মত দেন। তবে ওই ২৪ শতাংশের সবাই সরাসরি স্বাধীনতার পক্ষে নন।
অ্যাবাকাস ডাটার বিশ্লেষণে দেখা যায়, বিকল্পটি সমর্থনকারীদের অনেকের উদ্দেশ্য সরাসরি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নয়; বরং অটোয়ার কাছ থেকে আরও ক্ষমতা বা রাজনৈতিক ছাড় আদায় এবং প্রাদেশিক স্বার্থে শক্ত অবস্থান নেওয়াও তাদের অবস্থানের সঙ্গে যুক্ত।