ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ও গবেষক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

ড. আবদুর রাজ্জাক বর্তমানে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) পরিচালক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খণ্ডকালীন অধ্যাপক।

এর আগে তিনি লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সেখানে হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি হিসেবেও কাজ করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন।

অর্থনীতি, উন্নয়ন, বাণিজ্যনীতি ও জননীতি নিয়ে দেশ-বিদেশে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে ড. আবদুর রাজ্জাকের। সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনীতি নিয়ে গবেষণা ও নীতিগত কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।

বাংলাদেশের এলডিসি উত্তরণ ও পরবর্তী সমন্বয়, বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও বৈষম্য, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে তার গবেষণা ও নীতিবিষয়ক কাজ রয়েছে। বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের নীতি গবেষণাতেও তিনি যুক্ত ছিলেন।

ড. আবদুর রাজ্জাক বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করেছেন। জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপে একাধিকবার কারিগরি উপস্থাপন করেছেন। যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের বিভিন্ন কমিটির সামনেও বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের জন্য আমন্ত্রিত হয়েছেন।