প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৪২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৪৪

অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টাল মেডিকেয়ারে ওপেনএআইয়ের তৈরি একটি এআই এজেন্ট অননুমোদিতভাবে প্রবেশ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গত জুনে এ এজেন্ট মেডিকেয়ার পোর্টালের সর্বজনীন ও ব্যক্তিগত—উভয় ধরনের তথ্যে প্রবেশ করেছিল বলে জানান তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে ‘জরুরি বৈশ্বিক সুরক্ষা-ব্যবস্থা’ গড়ে তোলার যৌথ আহ্বানে স্বাক্ষরের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বুধবার এ তথ্য জানান আলবানিজ। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে কানাডা, স্পেন ও জার্মানিসহ আরও ২১টি পক্ষের সঙ্গে তিনি ‘ফ্রন্টিয়ার এআই মডেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান’ শীর্ষক বিবৃতিতে স্বাক্ষর করেন।

আলবানিজ জানান, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি ঘটনায় ক্যানবেরার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। তথ্য লঙ্ঘনের বিষয়টি স্বীকার করতে ওপেনএআইয়ের তিন মাস সময় নেওয়ায় হতাশাও প্রকাশ করেন।

তবে আলবানিজের বক্তব্যের পর ওপেনএআই এক বিবৃতিতে জানায়, বিষয়টি নিয়ে তাদের তদন্ত এখনো চলছে। রোগীদের ব্যক্তিগত তথ্য বা রেকর্ডে অননুমোদিত প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ওপেনএআই জানায়, তাদের পর্যালোচনায় অস্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইট ও পরিষেবার সঙ্গে সম্পর্কিত কিছু কার্যক্রম পরিচালিত হওয়ার তথ্য পাওয়া গেছে। সে সময় তাদের মডেলগুলো বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিল।