প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের মধ্যেই বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এর ফলে আগামী ১০ নভেম্বর শেষ হওয়ার কথা থাকা ‘বুসান চুক্তি’র মেয়াদ ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। দুই দেশ আরও বড় একটি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত সময় পাচ্ছে।

বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এ তথ্য জানান। চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংয়ের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে তিনি বলেন, ছোটখাটো কয়েকটি বিষয়ের পরিবর্তে দুই দেশ আরও বড় কোনো চুক্তি করতে পারে কি না, তা যাচাই করছে। এ কারণেই বুসান চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে বুধবার তিন দিনের সফরে ওয়াশিংটনে পৌঁছান শি জিনপিং। যুক্তরাষ্ট্রের রাজধানীর অদূরে জয়েন্ট বেস অ্যান্ড্রুসে তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি কোনো নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে মার্কিন প্রেসিডেন্টের এমন উপস্থিতি বিরল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

শি পৌঁছানোর সময় ট্রাম্প ও তার স্ত্রী এবং শি ও তার স্ত্রী করমর্দন করেন, কিছুক্ষণ কথা বলেন এবং ছবি তোলেন। এ সময় সামরিক বাদকদল সুর তোলে, তোপধ্বনি করা হয় এবং আকাশে একটি বি-১ সামরিক বোমারু বিমান উড়ে যায়।

শি এক লিখিত বিবৃতিতে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হিসেবে কাজ করা। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের ‘মহান পুনর্জাগরণ’ এবং ট্রাম্পের ‘আমেরিকাকে আবার মহান করে তোলা’—এই দুটি লক্ষ্য পরস্পরের পরিপূরক হতে পারে বলে মন্তব্য করেছেন।