গ্ল্যামার নয়, অনিন্দ্য অভিনয় দিয়ে দর্শক মনোযোগ কাড়তে চেয়েছেন রিচা চাড্ডা। তাই এই বলিউড তারকা সব সময় সেই কাজকে প্রাধান্য দিয়েছেন, যার গল্পে আছে গভীরতা আর চরিত্রে আছে ভিন্নতা। আর সেসব চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে নিরলস পরিশ্রম করে গেছেন।
তাই সিনে দর্শকের কাছে রিচা চাড্ডা কোনো তারকা নন বরং নন্দিত ও গুণী অভিনেত্রী হিসেবে খ্যাত। যে কারণে অনেক দিন এই অভিনেত্রীকে পর্দায় দেখতে না পাওয়া নিয়ে আক্ষেপও প্রকাশ করতে দেখা গেছে অনুরগীদের। কিন্তু তারা জানে না, ঠিক কী কারণে অভিনয় থেকে দূরে সরে আছেন নন্দিত এই অভিনেত্রী।
এবার সে বিষয়ে রিচা নিজেই খোলাখুলি কথা বলেছেন। মনে করেছেন, অভিনয় থেকে দূরে থাকার প্রকৃত কারণ ভক্ত-অনুরগীদের জানা উচিত।
আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, মা হওয়ার কারণে একদিকে রিচা চাড্ডা ও তাঁর পরিবারের নেমে এসেছিল আনন্দের বন্যা, অন্যদিকে অভিনয় ক্যারিয়ার দীর্ঘ করা নিয়ে জেগে উঠেছিল শঙ্কা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিচা জানিয়েছেন, সন্তান প্রসবের সময় তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। স্বাভাবিক প্রসবের পর শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে তাঁর বেশ কিছুটা সময় লাগে। মাথাও যেন ঠিকমতো কাজ করছিল না। ফলে সেই সময় বাইরে গিয়ে নিয়মিত কাজ করার মতো অবস্থায় ছিলেন না তিনি।
রিচার কথায়, সন্তান জন্মের পর কিছুটা বিশ্রাম চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় নিজের প্রযোজিত সিনেমা ‘গার্লস উইল বি গার্লস’-এর মুক্তির প্রস্তুতিও চলছিল। প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি, সিনেমা মুক্তির পরিকল্পনা, যাবতীয় প্রস্তুতির সব কিছু সামলানোর দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল। যার প্রভাব পড়েছিল শরীরে। তাই বাধ্য হয়েছিলেন অভিনয় থেকে দূরে থাকতে।