কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত গা ছমছমে থ্রিলার থেকে শুরু করে খামখেয়ালি এক তেল-সম্রাটকে ঘিরে ব্যঙ্গাত্মক প্রহসন—অক্টোবরে দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে নানা ঘরানার বেশ কিছু সিনেমা। এর মধ্যে রয়েছে টম ক্রুজ অভিনীত ‘ডিগার’, কলিন হুভারের ‘ভেরিটি’, জেন অস্টিনের ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’র নতুন সংস্করণ এবং বহুল জনপ্রিয় ভিডিও গেম ‘স্ট্রিট ফাইটার’-এর নতুন চলচ্চিত্র রূপ।

গত এক দশকে ‘মিশন: ইম্পসিবল’, ‘জ্যাক রিচার’ ও ‘দ্য মামি’র মতো সিনেমায় দুঃসাহসী স্টান্ট ও প্রাণবন্ত অ্যাকশন দৃশ্যের জন্য পরিচিত হয়েছেন টম ক্রুজ। এবার তাকে দেখা যাবে কিছুটা ভিন্নধর্মী চরিত্রে। আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’ একটি ব্যঙ্গাত্মক প্রহসনমূলক চলচ্চিত্র। ইনারিতু এর আগে ‘আমোরেস পেরোস’, ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভেন্যান্ট’ পরিচালনা করেছেন। ক্রুজ এখানে বিশেষ মেকআপের আড়ালে ‘ডিগার রকওয়েল’ নামের এক খামখেয়ালি তেল-ব্যবসায়ী বিলিয়নিয়ারের চরিত্রে অভিনয় করেছেন। তার কোম্পানির কারণে জলবায়ু পরিবর্তনজনিত ভয়াবহ বিপর্যয় ঘটে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের (জন গুডম্যান) নির্দেশে তাকে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হয়। এ কাজে তাঁকে সহায়তা করেন তার বোন (সান্দ্রা হুলার) ও একজন সরকারি বিজ্ঞানী (রিজ আহমেদ)। ফলে প্রশ্ন উঠছে—বিশ্বকে বাঁচাতে পারবেন কি রকওয়েল? আর দর্শকরা কি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ার দৃশ্যের বদলে ক্রুজকে গালিগালাজ বা ভাঁড়ামিপূর্ণ আচরণ করতে দেখতে আগ্রহী হবেন?

আন্তর্জাতিকভাবে ১ ও ২ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জেন অস্টিনের উপন্যাস ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’ অবলম্বনে অ্যাং লির ১৯৯৫ সালের চলচ্চিত্রটি সাতটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সেই একই উপন্যাসের নতুন চলচ্চিত্র সংস্করণ নির্মাণ তাই বেশ সাহসী উদ্যোগ। এরই মধ্যে অস্টিনের কাজকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। ডিসেম্বরে ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর ওপর ভিত্তি করে নেটফ্লিক্সের একটি নতুন মিনি-সিরিজও আসছে। এই মাসে মুক্তি পাচ্ছে জর্জিয়া ওকলি পরিচালিত ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’। এতে ড্যাশউড বোনের চরিত্রে অভিনয় করেছেন ডেইজি এডগার-জোনস ও এসমেই ক্রিড-মাইলস। বাবার মৃত্যুর পর তাঁদের পারিবারিক ভিটেমাটি ছাড়তে হয়। তাঁদের প্রণয়প্রার্থী এডওয়ার্ড ফেরার্স, কর্নেল ব্র্যান্ডন ও জন উইলোবির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে জর্জ ম্যাকে, হার্বার্ট নর্ডরাম ও ফ্রাঙ্ক ডিলান। বোনদের আন্তরিক হিতৈষী মিসেস জেনিংসের চরিত্রে রয়েছেন ফিওনা শ। বিবিসির মলি গোরম্যানের মতে, চলচ্চিত্রটি দৃশ্যত অত্যন্ত চমৎকার এবং ইংল্যান্ডের গ্রামাঞ্চলের স্বাভাবিক ও প্রাণবন্ত চিত্রগ্রহণ এতে রোমান্টিক আবহ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৬ অক্টোবর এবং আন্তর্জাতিকভাবে পুরো অক্টোবর মাসজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ভেরিটি’ গত তিন বছরে চতুর্থ। এর আগে ২০২৪ সালের বড় সাফল্য পাওয়া ‘ইট এন্ডস উইথ আস’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে ‘ভেরিটি’তে রয়েছে গা ছমছমে ও রোমাঞ্চকর আবহ। নাম ভূমিকায় অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। তিনি এমন এক লেখিকার চরিত্রে, যিনি তাঁর বেস্ট সেলিং সিরিজের শেষ উপন্যাস লেখার সময় গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যান। তার স্বামী (জশ হার্টনেট) বইটির কাজ শেষ করতে একজন ‘ঘোস্ট রাইটার’ বা ছায়া-লেখিকাকে (ডাকোটা জনসন) নিয়োগ করেন। ওই দম্পতির বাড়িতে ওঠার পর ছায়া-লেখিকার সন্দেহ হয়, ভেরিটি হয়তো বাইরে থেকে যতটা গুরুতর আহত মনে হচ্ছে, আসলে ততটা নন। লরেন ভেনেজিয়ানির সঙ্গে সাক্ষাৎকারে হার্টনেট বলেন, কলিন হুভারের অন্য বইগুলোর তুলনায় এটি অনেকটাই আলাদা। তাঁর মতে, এতে আবেদনময়ী, রহস্যময়, গথিক ও ভয়ের আবহের পাশাপাশি চমকপ্রদ ও নাটকীয় উপাদান রয়েছে।