শনিবার, ০৩ অক্টোবর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি দূর পরবাস৩২ বছরের সংসার, ভালোবাসার চেয়েও বেশি কিছুলেখা: রহমান মৃধা, সুইডেনপ্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২: ৩৩ হঠাৎ এক প্রশ্ন: ৩২ বছরের বেশি সময় একই নারীর সঙ্গে সংসার করার রহস্য কী?

অবশ্যই, এটা নিছকই একটি রসিকতা। আমার নিজের ৩২ বছরের বেশি সময়ের দাম্পত্য জীবনের পুরো চিত্র নিশ্চয়ই এমন নয়। তবে এত দীর্ঘ সময় একসঙ্গে পথ চলার পর একটা কথা শিখেছি, শুধু ভালোবাসা দিয়ে এতটা পথ পাড়ি দেওয়া যায় না। এর পেছনে নিশ্চয়ই আরও কিছু থাকে।

আমি একজন দূর প্রবাসী। বহু বছর ধরে নিজের জন্মভূমি থেকে দূরে, অন্য একটি দেশে বসবাস করছি। আর দূর প্রবাসে দীর্ঘদিন বসবাস করতে করতে হয়তো একটি বিষয় অন্য অনেকের চেয়ে একটু বেশি বুঝেছি, একজন মানুষ বহু বছর একটি দেশে বসবাস করলেও কোনো না কোনো অর্থে সে তার নিজের সংস্কৃতি, অভ্যাস ও পরিচয়ের কিছু অংশ সঙ্গে নিয়েই বেঁচে থাকে।

ভাষা, সংস্কৃতি, পারিবারিক অভ্যাস, চিন্তার ধরন, জীবনযাপন, এমনকি ভালোবাসা প্রকাশের পদ্ধতিতেও পার্থক্য থাকতে পারে। তারপরও আমার সহধর্মিণী ও আমি ৩২ বছরের বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছি এবং সেই পথচলা এখনো চলছে। তবে পরিচয়ের শুরুতেই উভয় পক্ষের বাবা-মায়ের আশীর্বাদ ছিল, ছিল ভালোবাসার স্পর্শ এবং বিয়ে। কোনো এক মনীষীর কথা সেদিন মনে পড়েছিল, ‘বিয়ে করো, ভাগ্য ভালো হলে সুখী দাম্পত্য জীবন হবে, আর সেটা না হলে দার্শনিক হবে।’ তাই পেছনে ফিরে তাকালে মনে হয়, আমাদের সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়।

ছিল সহমর্মিতা। ছিল ধৈর্য। ছিল একে অন্যকে বোঝার চেষ্টা। ছিল ভুলকে ক্ষমা করার মানসিকতা। ছিল একে অন্যের স্বাধীনতাকে সম্মান করার শিক্ষা। ছিল প্রয়োজনের সময় পাশে থাকার দায়িত্ববোধ। আর সবচেয়ে বড় কথা, ছিল একসঙ্গে থাকার ইচ্ছা।

ভালোবাসা হয়তো বিয়ের দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে ৩২ বছর পাশাপাশি হাঁটতে হলে ভালোবাসার সঙ্গে আরও অনেক কিছু দরকার।