বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি, দেশীয় খাবার ও বাঙালির চিরায়ত সংস্কৃতির সমাহারে মেলায় সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। প্রবাসের ব্যস্ত জীবনে দেশের ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের সুযোগ পেয়ে আনন্দিত হন উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের সংসদ সদস্য আত্তে কালেভা। তাঁর উপস্থিতি বাংলাদেশি কমিউনিটির এ সাংস্কৃতিক আয়োজনে বিশেষ গুরুত্ব বহন করে।
আয়োজকদের পক্ষে বক্তব্য দেন ইমন আহমদ, মহি খান, মোস্তাক সরকার, জিতু ইসলাম, নুরুজ্জামান ভূঁইয়াসহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের মতে, পিঠামেলা কেবল খাবারের উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, আবেগ, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখার একটি প্রয়াস।
সব মিলিয়ে ফিনল্যান্ডের হিমশীতল আবহাওয়ায় পিঠামেলা হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ, যেখানে পিঠার ঘ্রাণে, মানুষের মিলনে এবং সাংস্কৃতিক আবহে প্রবাসীরা ফিরে পেয়েছেন দেশের চিরচেনা আনন্দ।