বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি আয়োজনহারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্রলেখা: মো. মাজেম আলী মলিন, সহকারী অধ্যাপক, রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজ, গুরুদাসপুর, নাটোরপ্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০০: ০০ ‘হাঁড়িপাতিল নেবেন, হাঁড়িপাতিল! ঘরের দরকারি সদাই নেবেন?’—চলনবিলের বিস্তীর্ণ জলরাশিতে একসময় এমন চেনা ডাকেই মুখর হয়ে উঠত গ্রামবাংলার জনপদ। নৌকার পাটাতনে সারি সারি সাজানো মাটির হাঁড়িপাতিল, কলস, থালা-বাসনসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে মাঝিরা ঘুরে বেড়াতেন এক ঘাট থেকে অন্য ঘাটে। সেই ডাক শুনে ঘর থেকে ছুটে আসতেন গৃহিণীরা, কৌতূহলী চোখে নৌকাকে ঘিরে দাঁড়াত শিশুরা। নৌকাটি তখন কেবল যাতায়াতের বাহন ছিল না, ছিল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া এক ভাসমান বাজার। দুই-তিন দশক আগের চলনবিলের গ্রামীণ জীবনের সেই চেনা দৃশ্য আজ সময়ের স্রোতে প্রায় হারিয়ে গেছে।
একসময় চলনবিলের মানুষের জীবন ছিল জলকেন্দ্রিক। বর্ষা এলেই বিস্তীর্ণ বিল পানিতে থইথই। চারদিকে অথই জলরাশি, মাঝেমধ্যে জেগে থাকা গ্রামগুলোকে মনে হতো বিচ্ছিন্ন একেকটি দ্বীপ। এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া, আত্মীয়স্বজনের বাড়িতে পৌঁছানো কিংবা নিত্য প্রয়োজনে বাজারে যাওয়া—সবই ছিল কষ্টের। কোথাও কাঁচা রাস্তা, কোথাও গভীর পানি, আবার কোথাও কোমরসমান জল। ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়া কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও নৌকাই ছিল অন্যতম ভরসা। এমন বাস্তবতায় নৌকা হয়ে উঠেছিল মানুষের চলাচল, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জীবনধারণের প্রধান অবলম্বনগুলোর একটি।
এই জলনির্ভর জীবনব্যবস্থাকে ঘিরেই গড়ে উঠেছিল অনন্য ভ্রাম্যমাণ বাণিজ্যসংস্কৃতি। ক্ষুদ্র ব্যবসায়ীরা নৌকাকেই বানিয়ে নিয়েছিলেন তাঁদের চলমান দোকান। নৌকাভর্তি থাকত মাটির হাঁড়িপাতিল, কলস, থালাবাটি, রান্নার সামগ্রী এবং সংসারের প্রয়োজনীয় নানা পণ্যে। গ্রামের ঘাটে ঘাটে নৌকা ভিড়িয়ে তাঁরা পসরা সাজাতেন। কখনো বিক্রেতার চেনা হাঁক ভেসে আসত বিলের জল ছাপিয়ে, কখনো ক্রেতারা ঘাট থেকে ডাক দিতেন পছন্দের পণ্য দেখানোর জন্য। এভাবেই নদী, খাল ও বিলের জলপথ ধরে এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছে যেত মানুষের প্রয়োজনীয় সামগ্রী। এককথায়, জলপথই হয়ে উঠেছিল কেনাকাটার সহজ যোগাযোগব্যবস্থা।
যেসব পরিবারের পক্ষে দূরের হাটবাজারে যাওয়া কঠিন ছিল, তাদের কাছে এসব ভাসমান দোকান ছিল অনেকটা আশীর্বাদের মতো। ঘরের কাছেই পাওয়া যেত প্রয়োজনীয় জিনিসপত্র। বাঁচত সময়, কমত যাতায়াতের ভোগান্তি। বিশেষ করে মাটির তৈরি হাঁড়িপাতিল ছিল গ্রামীণ পরিবারের অপরিহার্য অনুষঙ্গ। রান্না করা, পানি সংরক্ষণ কিংবা খাবার পরিবেশনে মাটির তৈজসপত্রের ব্যবহার ছিল ব্যাপক। কুমারপাড়ায় তৈরি এসব সামগ্রী নৌকায় তুলে ব্যবসায়ীরা পৌঁছে দিতেন বিলের প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে। যেসব এলাকায় নিয়মিত বাজার বসত না, সেসব এলাকার মানুষের জন্য নৌকাদোকান ছিল প্রয়োজন মেটানোর সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম।
একটি নৌকার পেছনে কত মানুষের জীবিকা জড়িয়ে থাকত, তা হয়তো তখন কেউ আলাদা করে হিসাব করেননি। কুমার তৈরি করতেন মাটির পাত্র, ব্যবসায়ী সেগুলো সংগ্রহ করে নৌকায় তুলতেন, মাঝি বইঠা চালিয়ে পৌঁছে দিতেন গ্রাম থেকে গ্রামে। আর বিলপাড়ের সাধারণ মানুষ সেই পণ্য কিনে মেটাতেন সংসারের প্রয়োজন। অর্থাৎ একটি নৌকাকে কেন্দ্র করে যুক্ত ছিল মৃৎশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝি ও ক্রেতার জীবন-জীবিকা। এভাবেই গড়ে উঠেছিল গ্রামীণ অর্থনীতির ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ এক বাণিজ্যিক শৃঙ্খল। কেনাবেচার মধ্যেও মিশে থাকত বিশ্বাস, পরিচয় ও মানবিক সম্পর্কের উষ্ণতা। আজকের ব্যস্ত বাজারকেন্দ্রিক জীবনে সেই আন্তরিকতার দৃশ্য যেন ক্রমেই বিরল হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নবীর উদ্দিন সরদার স্মৃতিচারণা করে বলেন, একসময় নৌকায় করে ব্যবসায়ীরা গ্রামে গ্রামে হাঁড়িপাতিলসহ প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতেন। তাঁদের ডাক শুনলেই মানুষ ঘাটে ছুটে আসতেন। এখন সেই দৃশ্য আর চোখে পড়ে না। সময়ের পরিবর্তনে হারিয়ে গেছে আমাদের গ্রামীণ জীবনের পরিচিত একটি ঐতিহ্য।