দেশে শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০১ জন।
অধিদপ্তর তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ৬৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২১ হাজার ১৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৪৪৩ জন।
এরপর রয়েছে সিলেট বিভাগ। সেখানে হামের উপসর্গ নিয়ে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪৩ এবং রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।