স্ট্রিমিংয়ে আবারও রেকর্ড গড়লেন পপতারকা টেইলর সুইফট। সম্প্রতি প্রকাশ হওয়া তাঁর নতুন গান ‘পেশেন্ট জিরো’ মুক্তির এক দিনেই গড়েছে নতুন মাইলফলক। স্পটিফাইয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এক দিনে কোনো নারীশিল্পীর সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান এখন এটি।

গত শুক্রবার ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ শিরোনামে অ্যালবামের বর্ধিত সংস্করণ প্রকাশ করেন সুইফট। এতে নতুন চারটি গান রয়েছে ‘পেশেন্ট জিরো’, ‘ক্লিভল্যান্ড!’, ‘পিঙ্ক ক্লাউডিং’ ও ‘ব্যাবিলন’। প্রকাশের পরপর চারটি গানই স্পটিফাইয়ের ‘টপ ৫০ গ্লোবাল’ তালিকার শীর্ষ চারটি স্থান দখল করে।

প্রকাশের পর প্রথম দিকের হিসাব অনুযায়ী, ‘পেশেন্ট জিরো’ গানটি এক কোটি ৩৭ লাখের বেশি বার স্ট্রিম হয়েছে। ‘ক্লিভল্যান্ড!’ ৯৬ লাখের বেশি, ‘পিঙ্ক ক্লাউডিং’ ৮৭ লাখের বেশি এবং ‘ব্যাবিলন’ ৮৪ লাখের বেশি স্ট্রিম পেয়েছে। ফলে চারটি নতুন গান মিলিয়ে সুইফটের বর্ধিত অ্যালবামটি প্রকাশের প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে।

এখানেই শেষ নয়, রোববার রাতে অনুষ্ঠিতব্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস বা ভিএমএ অনুষ্ঠানে ‘পেশেন্ট জিরো’ গানের পূর্ণাঙ্গ মিউজিক ভিডিওর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ভিডিওটিতে অভিনয় করেছেন হলিউড তারকা ডাকোটা জনসন ও কলিন ফারেল। এর আগে গত বৃহস্পতিবার প্রকাশ করা হয় ভিডিওটির মাত্র ১৩ সেকেন্ডের একটি টিজার। সেখানে সুইফট ও ডাকোটা জনসনকে বিভিন্ন দৃশ্যে দেখা যায়।

দুজনকে আয়নার সামনে, পানিতে ডুব দিতে এবং একটি কবরের পাশে দেখা গেছে। কলিন ফারেলকেও দেখা যায় রহস্যময় কিছু দৃশ্যে। সংক্ষিপ্ত এই টিজার প্রকাশের পরই সুইফটের ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

এর আগে ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’ভিত্তিক একটি স্কিটে মারিশকা হার্গিটের সঙ্গে হাজির হয়েছিলেন সুইফট। সেখানে তাঁর বলা কয়েকটি অদ্ভুত শব্দ– ‘স্যাকারাইড’, ‘এরিস’, ‘ফ্রম দ্য ভিনইয়ার্ড’, ‘নর্থ অর সাউথ’ নিয়ে বেশ আলোচনা হয়। সুইফটের গান ও মিউজিক ভিডিওতে লুকানো বার্তা বা ‘ইস্টার এগ’ থাকার বিষয়টি দীর্ঘদিন ধরেই তাঁর ভক্তদের আগ্রহের অন্যতম কারণ।