দেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে রোবটিক সার্জারি সেবা চালু করেছে স্কয়ার হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে রোবটিক প্রযুক্তি ব্যবহার করে বেশ কয়েকটি জটিল অস্ত্রোপচার করা হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে স্কয়ার হাসপাতালের কনসালট্যান্ট অধ্যাপক এন আই ভূঁইয়া বলেন, রোবটিক প্রযুক্তির মাধ্যমে তুলনামূলক নিখুঁতভাবে জটিল অস্ত্রোপচার করার সুযোগ রয়েছে। এতে রোগীর রক্তপাত ও হাসপাতালে থাকার সময় কমানোসহ দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হতে পারে।

এন আই ভূঁইয়া বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিয়ে আসছে স্কয়ার হাসপাতাল। এরই ধারাবাহিকতায় রোবটিক সার্জারি চালু করা হয়েছে। উন্নত অস্ত্রোপচারের জন্য রোগীর বিদেশমুখিতা কমাতেও এই প্রযুক্তি ভূমিকা রাখতে পারে।

রোবটিক সার্জারিতে চিকিৎসক সরাসরি রোবট নিয়ন্ত্রণ করে অস্ত্রোপচার পরিচালনা করেন। বিশেষ করে, সূক্ষ্ম ও জটিল অঙ্গের অস্ত্রোপচারে এ প্রযুক্তি ব্যবহারে সুবিধা রয়েছে। প্রচলিত অস্ত্রোপচারের তুলনায় এতে ছোট ক্ষত তৈরি হয়, ফলে রক্তপাতসহ কিছু জটিলতা কমতে পারে।

স্কয়ার হাসপাতালের রোবটিক সার্জারি ব্যবস্থায় দুটি কনসোল রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এর মাধ্যমে নতুন রোবটিক সার্জনদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে। অধ্যাপক এন আই ভূঁইয়া বলেন, বাণিজ্যিক চিকিৎসাসেবার পাশাপাশি দেশে কর্মরত চিকিৎসকদের প্রশিক্ষণেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে। দেশে দক্ষ রোবটিক সার্জন তৈরি এবং এই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে প্রশিক্ষণের সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোবটিক সার্জারি ব্যবস্থায় রিমোট সার্জারির সুবিধা রয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মাধ্যমে দেশের এক প্রান্তে থাকা রোগীর অস্ত্রোপচারে অন্য প্রান্তের বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলের রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবার আওতায় আনতে এই প্রযুক্তি ভূমিকা রাখতে পারে। রোবটিক সার্জারির পাশাপাশি রোগ নির্ণয়ের ক্ষেত্রেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে স্কয়ার হাসপাতাল। হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রস্টেট ক্যান্সার শনাক্তে মোনালিসা নামে একটি রোবটিক প্রযুক্তি ব্যবহার করে তারা।

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, এই প্রযুক্তির মাধ্যমে প্রস্টেট ক্যান্সার শনাক্তকরণে অধিক নির্ভুলতা পাওয়ার সুযোগ রয়েছে। এরই মধ্যে এই পদ্ধতিতে কয়েকজন রোগীর ক্যান্সার শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।