রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি দূর পরবাসসৌদির জেদ্দায় চার দিনব্যাপী ‘৪র্থ সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’লেখা: বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরবপ্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২০ সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘চতুর্থ সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র সৌদি আরবের জেদ্দায় ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘চতুর্থ সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আন্তর্জাতিক প্রদর্শনী।
বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের সক্ষমতা, টেকসই উৎপাদন প্রযুক্তি এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরতে এবারের এক্সপোতে অংশ নিয়েছে দেশের স্বনামধন্য ১১টি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সার্বিক তত্ত্বাবধানে মেলায় বাংলাদেশের অংশগ্রহণের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রদর্শনীর আন্তর্জাতিক অংশের উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল আবউদ। পরে মেলার অন্যতম আকর্ষণ ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এর ফিতা কেটে যৌথভাবে উদ্বোধন করেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সৌদি রিজিওনাল বিজনেস কাউন্সিল ফর সাউথইস্ট এশিয়ার এক্সিকিউটিভ বোর্ড সদস্য ও সৌদি ফেডারেশন অব চেম্বার্সের সদস্য ওসামা কোউকানদি।
উদ্বোধনী অনুষ্ঠানে মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা, বাংলাদেশ ইনভেস্টর ফোরামের সভাপতি আবদুর রহমান, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সৌদি আমদানিকারক, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এই আয়োজনে ২২টি দেশ অংশগ্রহণ করেছে, বিভিন্ন দেশের ৫৫০টির বেশি স্টল এখানে আছে। আমরা প্রত্যাশা করছি সৌদি বাজারসহ এখানে গ্লোবাল মার্কেটকে যেন আমাদের পণ্য দিয়ে মন জয় করতে পারি।’
পিরামিডস গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এবারের এক্সপোতে বিশ্বের ২৫টির বেশি দেশের প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও বৈশ্বিক ক্রেতা অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে রয়েছে ৫৫০টির বেশি বুথ। এর মধ্যে বাংলাদেশের সুসজ্জিত প্যাভিলিয়ন আন্তর্জাতিক ক্রেতা ও দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
মেলার বিশেষ আয়োজন হিসেবে ‘ফ্রম হেরিটেজ টু হাইটেক সাসটেইনেবল গ্রোথ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে উচ্চমানের পোশাক সরবরাহের সক্ষমতা তুলে ধরা হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা।