মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি দূর পরবাসসুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতামিজানুর রহমান সুইডেনপ্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৪: ৪১ প্রতীকী ছবিসম্প্রতি সুইডেনে আমাকে একটি বড় সার্জারির অভিজ্ঞতা নিতে হয়েছে। রোগটি শুরু থেকে আমার জানা ছিল না, শরীরে এর কোনো স্পষ্ট প্রভাব বা লক্ষণও পরিলক্ষিত হয়নি, অর্থাৎ কোনো ধরনের যন্ত্রণা বা অন্য কোনো উপসর্গ দেখা যায়নি। পেটে ইনফ্লামেশন আছে এবং এর প্রকৃতি নির্ধারণ করার জন্য কিছু পরীক্ষা–নিরীক্ষা চলছিল। এরই মাঝে ডাক্তার অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলেন আমার কিডনিতে একটা ছোট আকারের টিউমার আছে। ডাক্তার বেশ কিছু পরীক্ষা করে অভয় দিলেন যে ভয়ের কিছু নেই, এটি অনেক ছোট, কিন্তু আমাদেরকে আরও পরীক্ষা করে দেখতে হবে এটি কতটা ক্ষতিকর? যদি ক্ষতিকর না হয় তাহলে টিউমার যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা কিছু করব না।

ডাক্তারের কথা শুনে মনে সাহস সঞ্চয় হয়েছে কিছুটা, কিন্তু ভয়ও লাগছে, হঠাৎ করেই কিডনির মতো জায়গায় কিছু একটার জন্ম হয়েছে, যা আমি জানি না। আবার টিউমার নিজেও কোনো উৎপাত করছে না। ডাক্তার বায়োপসি করার জন্য একটি সময় নির্ধারণ করলেন। বায়োপসি হলো একটি বিশেষ ধরনের ডায়াগনস্টিক বা রোগনির্ণয় পরীক্ষা, যেখানে শরীরের কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক অংশ থেকে সামান্য পরিমাণ টিস্যু বা মাংসপিণ্ড বা কোষের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করা হয়।

বায়োপসি করার ১৫ দিন পর ডাক্তারের সঙ্গে মিটিং হলো, কোনো রাকঢাক না রেখেই ডাক্তার বললেন, আপনার টিউমারটি ক্যানসারের উপসর্গ, এটা ফেলে দিতে হবে, চার থেকে ছয় সপ্তাহের মধ্যে আমরা অস্ত্রোপচারের জন্য আপনাকে একটি তারিখ জানিয়ে দেব। ক্যানসার শব্দটাই কেমন যেন মনে ভয় জাগিয়ে দেয়। সঙ্গে বউ ছিল, সে কিছুটা ঘাবড়ে গেল। ডাক্তার আর তাঁর সহকর্মীরা বিভিন্ন রকম আশ্বাস দিলেন, বউয়ের মন শান্ত হলো না। আমি ব্যক্তিগতভাবে অতটা ভিতু লোক না, আল্লাহর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, জীবন–মৃত্যুর ধারণা আমার কাছে স্পষ্ট। কোনো না কোনোভাবে আমাদের মৃত্যুর সাধ নিতে হবে, এটা আমি বিশ্বাস করি।

আমার এই সার্জারি অভিজ্ঞতা বলার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে সুইডেনের স্বাস্থ্যসেবা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া। এখানকার স্বাস্থ্যসেবা স্বাভাবিক চোখে দেখলে মনে হবে খুব ধীরে চলা একটা ব্যবস্থা। ছোটখাটো অসুখ যেমন সর্দি, কাশি, ব্যথা, বেদনা, এ জাতীয় সমস্যাকে এরা খুব একটা গুরুত্ব দেয় না, প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে গেলে এরা বিনা ওষুধে ফেরত দেয় রোগীকে। বলে, এক–দুই সপ্তাহ পর এমনিতেই ঠিক হয়ে যাবে। আনেক সময় বিরক্তি লাগে, বাচ্চাদের ক্ষেত্রেও একই রকম পরামর্শ দেয় এরা। ওষুধ খুব একটা দিতেই চায় না এখানে। আবার আপনি চাইলেও কোনো গুরুত্বপূর্ণ ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে কিনতেও পারবেন না।

আমার প্রায় সতেরো–আঠারো বছরে সুইডেনে বসবাসের অভিজ্ঞতায় যা বুঝতে পেরেছি তা হলো এরা বড় বড় রোগের ভালো চিকিৎসা করতে পারে। শুধু রোগটি ধরতে অনেক বেশি সময় নেয়। রোগটি সঠিকভাবে ধরতে পারলে চিকিৎসা ভালো হয় এখানে।

নিজের দেশ থেকে আমরা জেনে এসেছি, চিকিৎসা পেশা হচ্ছে একটা সেবামূলক কাজ; কিন্তু বাস্তবে মানুষ খুব একটা ওই সেবা দেখে বা পায় বলে মনে হয়নি। কিন্তু সুইডেনে আমার বেশ কয়েকবার এই সেবা পাওয়ার সুযোগ হয়েছিল। প্রথমত আপনি বুঝতে পারবেন না এখানে কে বড় ডাক্তার আর কে ছোট? আপনার চিকিৎসা নেওয়ার সময় যে ডাক্তার উপস্থিত থাকবেন, তিনিই আপনার চিকিৎসা করবেন। ডাক্তার আপনার কাছে এসে খুবই ভদ্রভাবে নিজের নাম বলে আপনার কাছে তাঁর পরিচয় দেবেন এবং চিকিৎসা করার অনুমতি চাইবেন। তাঁর আচরণে আপনি কখোনোই বুঝতে পারবেন না তিনি কত বড় ডাক্তার। আপনি এটা বুঝতে পারবেন যে তিনি আপনাকে সারিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন আন্তরিকভাবে। ডাক্তারের সহকর্মী নার্সরাও এখানে সেবা দানে অনেক পারদর্শী। এমন দৃশ্য আমি কখনো দেখিনি যে কোনো ডাক্তার তাঁর সহকর্মী নার্সকে উচ্চকণ্ঠে কিছু বলছেন বা রাগারাগি করছেন। নীরবে শান্তিপূর্ণভাবে হাসপাতালে চিকিৎসা চলে। আপনি চাইলেও আপনার পছন্দের ডাক্তার দিয়ে আপনার অপারেশনটা করাতে পারবেন না এখানে। এখানকার চিকিৎসাপদ্ধতি এটা পারমিট করবে না।