ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে ৬০৪ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার কমিশন এ অনুমোদন দেয়। শিগগিরই মামলাটি করা হবে বলে জানিয়েছে দুদক।

রোববার এক ব্রিফিংয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান এসব তথ্য জানান।

দুদক সচিবের ভাষ্য, অস্তিত্বহীন প্রতিষ্ঠান স্কাইমার্ক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সদস্যরা পরস্পর যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে আইএফআইসি ব্যাংক থেকে ওই অর্থ তুলে নেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি-সংক্রান্ত সার্কুলার এবং আইএফআইসি ব্যাংকের সিআরএম পলিসি-২০১৭-এর বিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাত দিয়ে সচিব বলেন, পর্যাপ্ত জামানত না থাকা সত্ত্বেও ভুয়া ও নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন ও তা বাড়ানো হয়। এভাবে ৫৩৮ কোটি ১৬ লাখ টাকা নগদে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সুদ ও অন্যান্য চার্জসহ বর্তমানে ওই অর্থের পরিমাণ ৬০৪ কোটি ৬৯ লাখ টাকা।

দুদকের অভিযোগ, আত্মসাৎ করা অর্থের প্রকৃতি, উৎস ও গন্তব্য আড়াল করতে বিপুল পরিমাণ অর্থ নগদে উত্তোলন করা হয়। পরে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থের মানি লন্ডারিং করা হয়েছে।

রেকর্ডপত্রের ভিত্তিতে এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা করা হবে।