রাজস্থানের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লিশ দীপাবলির সময় এক অদ্ভুত পদে লোক নিচ্ছে। কাজটি হলো সারা দিন ইনস্টাগ্রামে রিল দেখা এবং কোন কনটেন্ট ট্রেন্ডিংয়ে আছে বা ভাইরাল হচ্ছে, তার খবর জানানো।
‘আমরা একজন ডুমস্ক্রোলার খুঁজছি’প্রতিষ্ঠানটির কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দিয়েছেন। তাতে এক ব্যক্তি বলেছেন, যাঁরা সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাঁদের সেই শখের জন্যই বেতন দিতে চায় প্রতিষ্ঠানটি।
তাঁর ভাষ্য, ‘আমরা এমন একজন ডুমস্ক্রোলার খুঁজছি, যিনি সারা দিন বসে রিল স্ক্রল করবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।’
‘ডুমস্ক্রোলিং’ শব্দটি সাধারণত অনবরত ফোনের পর্দায় আঙুল বুলিয়ে যাওয়ার অভ্যাসকে বোঝায়। সাধারণত এটিকে নেতিবাচক অভ্যাস হিসেবেই দেখা হয়। কিন্তু এখানে সেটিকেই যোগ্যতা হিসেবে ধরা হচ্ছে।
আবেদন করবেন কীভাবেভিডিওতে বলা হয়েছে, আগ্রহীরা মন্তব্যের ঘরে ‘Hi’ লিখলে উদয়পুরে থাকা ব্যক্তিরা ইনবক্সে আবেদনের লিংক পাবেন। এ ছাড়া ‘gangsofstartup’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে নিয়োগের গুগল ফর্মের লিংক দেওয়া আছে।
ফর্মে আবেদনকারীর নাম, ফোন নম্বর ও ঠিকানা দিতে হবে। এরপর বেছে নিতে হবে, তিনি পূর্ণকালীন চাকরির জন্য আবেদন করছেন, নাকি ইন্টার্নশিপের জন্য। কোন পদে আগ্রহী, সেটিও জানাতে হবে। এ ছাড়া জানাতে হবে বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতন। ফর্ম জমা দেওয়ার আগে জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করতে হবে।