বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে ফিচারপাহাড়ের পথে (প্রথম পর্ব) সাঙ্গু নদীর বুকে রহস্যময় যাত্রালেখা: রাশেদ খাঁনআপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ১৫ যে বান্দরবান দেখেনি, সে আসলে বাংলাদেশের আসল রূপ দেখেনি।নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দুর্গম বান্দরবানের থানচি উপজেলা। ২০২৩ সালের শীতকালে ভ্রমণ করার সুযোগ হয়েছিল সেখানে। অনেক অদেখা জিনিসকে নতুনভাবে দেখা এবং আগে দেখা জিনিসগুলোকে নতুন রঙে দেখার যে রোমাঞ্চকর অভিজ্ঞতা, তা আসলেই অতুলনীয় এবং জীবনে সঞ্চয় করে রাখার মতো।
গহিন বান্দরবানে লুকিয়ে থাকা বিভিন্ন ঝরনা, ঝিরিপথ, খুম এবং দানবসদৃশ পাহাড় দেখার পর অনুভূতি অনেকটা এমন ছিল—‘এগুলোই প্রিয় জন্মভূমি বাংলাদেশের রূপ, রং এবং লাবণ্য।’ এ জন্যই হয়তো একটা কথা প্রায়ই বলা হয়ে থাকে, ‘যে বান্দরবান দেখেনি, সে আসলে বাংলাদেশের আসল রূপ দেখেনি।’
থানচির খুব গহিনে যাওয়ার উদ্দেশ্যে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়লাম। থানচি ব্রিজের নিচে নেমে সাঙ্গু নদী। ট্যুর গাইড সঙ্গেই আছেন। ওনার নাম শিমিয়ান ত্রিপুরা। নৌকায় চড়ার পর যাত্রা শুরু হলো। দুই পাশে বিশাল পাহাড়, কোল ঘেঁষে বয়ে চলেছে সাঙ্গু নদী। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই নদীর সঙ্গে বাংলাদেশের অন্য কোনো নদীর তুলনা হতে পারে না। নৌকা চলছে তার আপনগতিতে। সাঙ্গুর অববাহিকায় গড়ে ওঠা পাহাড়ি গ্রামগুলো অবলোকন করলাম নৌকায় বসেই।
সাঙ্গু বাংলাদেশের অন্যান্য নদীর তুলনায় অনেকটাই ভিন্ন রকম। এই নদীতে প্রচুর পাথর থাকায়, একদিকে এগুলো যেমন সৌন্দর্যের মাত্রাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে; তেমনি পাথরগুলো যাত্রাপথের গতিকে বাধাগ্রস্ত করে। কখনো কখনো নৌকায় থেকে নেমে পায়ে হেঁটেও কিছুটা পথ পাড়ি দিতে হয়। এই পাথরগুলোর মধ্যে খুবই বিখ্যাত হলো রাজা পাথর। বিশাল আকৃতির কারণে এই নামে সমধিক পরিচিত। শীতকালীন ঠান্ডা হাওয়া এসে পুরো শরীরকে শীতল করে তুলেছিল। দুপুরের খাবার খেতে হলো নৌকায় বসেই। থানচি ব্রিজ থেকে যাত্রা শুরু করে প্রায় আড়াই ঘণ্টা পর পৌঁছালাম রেমাক্রি। অসম্ভব সুন্দর একটা জায়গা এই রেমাক্রি। ওখানকার পরিবেশ, প্রকৃতি দেখলে মনে হয়, এ যেন কোনো শিল্পীর রংতুলিতে আঁকা এক অনন্য সৃষ্টি।
রেমাক্রি ঘুরে এবার পায়ে হাঁটার পালা। মূল গন্তব্য আমিয়াখুম ও ভেলাখুম। ওখানে এক দিনে পৌঁছানো সম্ভব নয়। রেমাক্রি থেকে জিন্নাপাড়ায় গিয়ে রাত্রিযাপন এবং সেখান থেকে সকালে রওনা হয়ে দেবতা পাহাড় ওঠা এবং নামা শেষে আমিয়াখুম ও ভেলাখুম পৌঁছানোই মূল উদ্দেশ্য। রাতেও দুর্গম পাহাড়ে ট্রেকিং করতে হবে। এ জন্য রেমাক্রির একটা ছোট্ট টম দোকান থেকে অনেকগুলো টর্চলাইট কিনতে হলো। জিন্নাপাড়ায় গিয়ে যাঁর বাড়িতে আমাদের থাকতে হবে, তিনি থানচি বাজার থেকেই আমাদের সঙ্গে অন্য একটি নৌকায় এসেছেন। ওনার নামটা ঠিক মনে করতে পারছি না। তাঁর হাতে অনেকগুলো ডিম। জীবনধারণের জন্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসই তাঁদেরকে এভাবে দুর্গম পথ পাড়ি দিয়ে থানচি বাজারে এসে কেনাকাটা করে, একই পথে আবার পাহাড়ে ফিরতে হয়।
গা ছমছম করে ওঠা সেই মুহূর্তে ঠিক কী ঘটেছিল, আর অন্ধকার পাহাড়ি পথে আমাদের যাত্রা কোন দিকে মোড় নিল, তা জানতে চোখ রাখুন আগামী পর্বে। (চলবে...)