পাবনার ঈশ্বরদীতে একটি হত্যা মামলায় সৌরভ কুমার দেবনাথ নামে উপজেলায় কর্মরত একজন সাংবাদিককে আসামি করা হয়েছে। এর প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার ঈশ্বরদী প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক ওহেদুজ্জামান টিপুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, সাবেক সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, সহসভাপতি সেলিম সরদার, জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ খান, চ্যানেল টুয়েনটিফোরের পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান, চ্যানেল ওয়ানের পাবনা প্রতিনিধি ইয়াছিন আলী শেখ, স্টার নিউজের জেলা প্রতিনিধি শামসুল আলম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পার্থ হাসান, এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি রাকিব হাসনাতসহ পাবনা ও ঈশ্বরদীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ২ সেপ্টেম্বর ঈশ্বরদীর মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মেহেদী হাসান নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার ১৮ দিন পর গত ২০ সেপ্টেম্বর নিহতের বাবা আনিছুর রহমান বাদী হয়ে পাবনা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-২ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দৈনিক সংবাদ সারাবেলার ঈশ্বরদী প্রতিনিধি সৌরভ কুমার দেবনাথসহ মোট ১২ জনকে আসামি করা হয়। সাংবাদিক সৌরভ এ ঘটনার সঙ্গে জড়িত নন দাবি করে প্রতিবাদ সভায় গণমাধ্যম কর্মীরা বলেন, একজন সাংবাদিককে হয়রানি করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। কোনো সাংবাদিক অপরাধে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণিত হবে। তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হলে তা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। এ সময় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানানো হয়।

ই-মেইল: [email protected], [email protected]