উৎসবের এমন দিনে নতুন কাপড়ের সুবাস প্রত্যেক মানুষের মনে আলাদা এক আনন্দের দোলা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত ও দিনমজুর খেটে খাওয়া মানুষগুলোর কাছে এই আনন্দ অনেক সময়ই ফিকে হয়ে যায় টানাপোড়েনের বাস্তবতায়। উৎসবের সেই অনাবিল আনন্দ ভাগাভাগি করে নিতে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী বন্ধুসভা।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ২৩ অক্টোবর নোয়াখালীতে সনাতন ধর্মাবলম্বী ১১ জনের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় নতুন পোশাক। উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। মুখে স্বস্তির হাসি মেখে তিনি বলেন, ‘পূজার দিনে সবাই নতুন কাপড় পরে, আনন্দ করে। আমাদের তো আর সেই সামর্থ্য নেই। এই সময়ে কেউ এসে খোঁজ নিয়ে হাতে নতুন কাপড় তুলে দেবে, ভাবতেও পারিনি।’

নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘আমাদের সমাজ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির ওপর দাঁড়িয়ে আছে। ধর্ম যার যার হতে পারে, কিন্তু উৎসবের আনন্দ আর মানবিকতার অনুভূতি সবার। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর মূল চেতনা ভালো কাজের সঙ্গে থাকা। সেই দায়বদ্ধতা থেকেই পূজার এই মৌসুমে আমরা চেয়েছি প্রতিবেশী মানুষগুলোর মুখে একটুখানি হাসি ফোটাতে।’

নোয়াখালী বন্ধুসভার একটি ভালো কাজ।অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম বলেন, ‘মানুষ মানুষের জন্য এই সহজ সত্যটুকু মনে রেখেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর এই চেষ্টা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

বন্ধু দুর্জয় ভৌমিক বলেন, ‘উৎসবের প্রকৃত রূপই হলো পারস্পরিক মেলবন্ধন ও ভালোবাসা। এমন আন্তরিক উদ্যোগ সনাতন ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত এই মানুষগুলোর মনে বাড়তি আনন্দ যোগ করেছে। সম্প্রীতির এমন দৃষ্টান্ত আমাদের সমাজের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধু শামসুল আরিফিন, জয় দেবসহ নোয়াখালী বন্ধুসভার অন্য বন্ধুরা।