নিক্কি আদেলি। তরুণ অধিকারকর্মী ও শিক্ষাবিদ। বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত। টিনএজ বয়স থেকে নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডের জন্য পরিচিতি এই অধিকারকর্মীর বিভিন্ন সাক্ষাৎকার থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন আরমান খান
কোনো মুখস্থ বিদ্যা বা সাধারণ প্রাতিষ্ঠানিক পরীক্ষা কখনও নির্ধারণ করতে পারে না একজন মানুষের আসল যোগ্যতা কী। দেখুন, আপনি কোনো পরীক্ষার নম্বর বা কাগজের টুকরো নন যে আপনাকে নম্বর দিয়ে যাচাই করা হবে। আসলে আমরা এমন একটি সমাজে বড় হচ্ছি যেখানে প্রায়ই আমাদের মেধা, আমাদের যোগ্যতা আর আমাদের ভবিষ্যৎকে কিছু মানসম্মত পরীক্ষার নাম্বার বা গ্রেড দিয়ে পরিমাপ করার চেষ্টা করা হয়। কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই–আপনারা কোনো পরীক্ষার নাম্বারের চেয়েও অনেক বেশি কিছু। একটি পরীক্ষার খাতা বা গ্রেডশিট কখনোই আপনার ভেতরের স্বপ্ন, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, কিংবা আপনার ভেতরের মানবিকতাকে পরিমাপ করতে পারে না।
সময় এখন আমাদের আমরা সবাই জানি, আমাদের বাবা-মায়েরা বা পূর্বপুরুষেরা অনেকে অনেক যুদ্ধ, কষ্ট আর প্রতিকূলতা পার করে আমাদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতে চেয়েছেন। আপনি কেবল আপনার বাবা-মায়ের কথাই চিন্তা করে দেখুন, তারা কতটা কষ্ট করেছে আপনার জন্য; আপনাকে খুশি রাখার জন্য তাদের ত্যাগের কথা ভাবলেই বুঝতে পারবেন পূর্বপুরুষদের কষ্টের কথা। তাদের কষ্টের কতা মাথায় রেখে বলতে চাই, সময় এখন আমাদের! আমাদেরই ঠিক করতে হবে গন্তব্য এবং একই সঙ্গে আমাদের পরে যারা আসবে তাদের নিরাপদ আশ্রয়!
ছক থেকে বেরিয়ে প্রশ্ন করুন অনেকে সমাজের কথা ভেবে এগোতে পারি না। ভালো কাজ করতে গেলেও বার বার সমাজের কথা ভাবি। কে কী বলবে তা নিয়ে থাকি হতাশায়। আসলে সমাজ আপনাকে ছকে বাঁধতে চায়। সমাজের এই ছক ভেঙে বেরিয়ে আসুন। কেবল বেরিয়ে এলেই হবে না; নিজের কণ্ঠস্বরের জানান দিন। মনে রাখবেন, তরুণদের সবচেয়ে বড় শক্তি হলো প্রশ্ন করার ক্ষমতা। এই শক্তিকে কাজ লাগান। দেখবেন, বদলে যাবে সমাজ!
সমাজ বদলের হাতিয়ার একাডেমিক শিক্ষাকেও ছোট করে দেখার সুযোগ নেই। একাডেমিক শিক্ষা কেবল ভালো জিপিএর জন্য নয়; সমাজ বদলে দেওয়ার হাতিয়ারও বটে! শিক্ষা না থাকলে আপনি সমাজ বদলাতে পারবেন না। রাখতে পারবেন না সমাজ বদলে বিশেষ ভূমিকাও। তাই একাডেমিক শিক্ষাকেও গুরুত্ব দিন!
আপনার পরিবর্তনের অপেক্ষায় ভুল করার ভয়ে বা সফল না হওয়ার আশঙ্কায় পিছিয়ে যাবেন না। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন। সেই সঙ্গে নেতৃত্ব দিতে শিখুন। আপনাকে কেউ সুযোগ করে দেবে–এই অপেক্ষায় বসে থাকবেন না। নিজের সুযোগ নিজেই তৈরি করে নিন এবং নিজের সমাজের জন্য ন্যায়ের কণ্ঠস্বর হয়ে উঠুন। ভবিষ্যৎ কিন্তু অন্য কারও হাতে নেই, ভবিষ্যৎ আপনার হাতে। তাই নিজের স্বপ্নকে ছোট না করে আজ থেকে শুরু করুন। কারণ পৃথিবী আপনার পরিবর্তনের অপেক্ষায়!