বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেশের সব আন্তঃসীমান্ত নদী চিহ্নিত করে সেগুলোর স্বীকৃতির দাবিতে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের আয়োজনে ‘বন, নদী, পানি নেই তো জীবন নেই’ প্রতিপাদ্য সামনে রেখে এসব কর্মসূচি পালন করা হয়।
রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ও বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রিভারাইন পিপল ক্লাবের উপদেষ্টা ও এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ফজলুল হক, নদীকর্মী ও সমাজ উন্নয়ন সংগঠক মশিউর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহী অঞ্চলের সমন্বয়ক তন্ময় স্যানাল এবং লালমনিরহাটের রিভারাইন পিপলের জেলা সমন্বয়ক মোশাররফ হোসেন।
আলোচনায় বক্তারা দেশের সব আন্তসীমান্ত নদী চিহ্নিত করে সেগুলোর স্বীকৃতির দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকের হাতে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের লেখা ‘নদী সুরক্ষায় দায়িত্বশীলতা’ বই তুলে দেওয়া হয়।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি বের করা হয়। মানববন্ধনে রংপুর বিভাগের আন্তসীমান্ত নদীর ছবি প্রদর্শন করা হয়।