বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি দূর পরবাস‘সন্ধ্যা, তোর চিঠি আজও আসেনি’লেখা: মিলি ইসলাম, মন্ট্রিয়ল, কানাডাপ্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭: ৪৫ অলংকরণ: মাসুক হেলাল‘মিলি, তুই আমাদের বাসায় দুর্গাপূজায় আসবি?’

প্রাথমিক স্কুলজীবনে সেটাই ছিল আমার প্রথম ব্যক্তিগত নিমন্ত্রণ।

আমরা তখন স্কুলে পাশাপাশি বসতাম। টিফিনে একসঙ্গে খেতাম, খেলতাম, কত গল্প যে করতাম! আমাদের দুজনেরই অনেক কিছুতে মিল ছিল। একটা শিউলি ফুল কুড়িয়ে পেলেই দুজনেই কী যে খুশি হতাম!

মনে আছে, স্কুলের মাঝখানে ছিল একটা বড় গাছ, তার চারপাশে চওড়া বাঁধানো গোলচত্বর। ওই জায়গাটাই ছিল আমাদের সবচেয়ে প্রিয়। কখনো সেই গাছের নিচে বসে গল্প করতাম, হোমওয়ার্ক করতাম।

আর কখনো খুব নিচু গলায় দুজন মিলে গুনগুন করে গান গাইতাম।

তুই রবীন্দ্রসংগীত শিখতি। তোর গলার স্বরটা কী মিষ্টি ছিল! ‘মায়াবন বিহারিণী হরিণী…’ গানটা কী সুন্দরই না গাইতি!