ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। তবে তারা ‘পারমাণবিক বিজ্ঞান’ এবং ‘শান্তিপূর্ণ প্রযুক্তি’ ত্যাগ করবে না। তিনি বলেন, ‘পারমাণবিক জ্ঞানে কেবল কয়েকটি দেশের একচেটিয়া অধিকার আছে; এটা ইরান মানে না।’
মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান তার নিজস্ব জলসীমায় নৌপরিবহন তাদের কাছ থেকে কেড়ে নিতে দেবে না।
পেজেশকিয়ান তার বক্তব্যের শুরুতে মিনাব স্কুলের হামলায় নিহতদের প্রসঙ্গ, স্টেডিয়ামে বোমা হামলা এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেকে ‘রক্ষা’ করছিল। তার ভাষায়, আত্মরক্ষার জন্য ইরানের শক্তি প্রয়োজন ছিল। তিনি বলেন, ‘যখন আপনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আত্মরক্ষা করেন, তখন তারা সেটিকে ‘সন্ত্রাসবাদ’ এবং ‘অঞ্চলের অনিরাপত্তা সৃষ্টি’ বলে আখ্যায়িত করে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশ করতে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘পারমাণবিক বোমা ইসরায়েলের কাছে আছে। কিন্তু পরিদর্শকরা রয়েছেন ইরানে।’
মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইসরায়েলের নিজস্ব পারমাণবিক বোমা রয়েছে। কিন্তু কখনও সেটি পরিদর্শন করা হয়নি। অথচ তারা ইরানকে পরিদর্শন করছে। ইসরায়েল মানুষ হত্যা করে, কিন্তু নিষেধাজ্ঞার মুখে পড়ে ইরান।’