এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট নিয়ে খুব আশাবাদী ছিল বাংলাদেশ। সে প্রত্যাশা মেটাতে পারেনি নারী ক্রিকেট দল। ভারতের পর পাকিস্তানের কাছে হেরে পদক ছাড়াই দেশে ফিরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ব্যর্থতার হতাশা ঘুচবে ছেলেরা স্বর্ণপদক জিতলে। লিটন কুমার দাসরা সোনালি স্বপ্ন নিয়ে জাপান যাচ্ছেন আজ। গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লিটন জানান, সেরা হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে খেলবেন তারা। ফাইনালে উন্নীত হওয়া এবং ভালো কিছু করে দেখানোর ইচ্ছা তাদের।
এশিয়ার্ডে খুব একটা সফল নয় বাংলাদেশ। সেই ১৯৮৬ সালে বক্সিংয়ে ৮১ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জপদক পেয়েছিলেন মোশারফ হোসেন। এর পর গেমসে আশার প্রদীপ জ্বেলে রেখেছিল জাতীয় খেলা কাবাডি। সেটিও ছিল রৌপ্য আর ব্রোঞ্জে সীমিত। গেমসে সোনালি ডানা মেলে ক্রিকেট। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটের অভিষেকে বাজিমাত করে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে স্বর্ণপদক জেতে। এশিয়ান গেমসে ওটাই একমাত্র স্বর্ণপদক বাংলাদেশের। আরও দুবার গেমসে ক্রিকেট খেলা হলেও স্বর্ণপদক জেতা হয়নি।
২০১৪ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে জিতেছিল ব্রোঞ্জপদক। ২০২২ সালের হাংজু গেমসেও পেয়েছে ব্রোঞ্জ। জাতীয় দলের অংশগ্রহণে এবার লক্ষ্যটা আরও বড়। লিটন দাসের মতে, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দুটো প্র্যাকটিস গেম খেলার সুযোগ পেয়েছি। আমরা শেষ টি২০ সিরিজ খেলেছি জিম্বাবুয়েতে। এখানে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের বোঝাপড়াটা সেরে নিলাম। আমার কাছে মনে হয়, প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এখন আমাদের লক্ষ্য থাকবে ফাইনাল খেলা এবং ভালো কিছু করা।’
জাপানে ক্রিকেটের চর্চা সেভাবে হয় না। গেমসের ক্রিকেট খেলা হচ্ছে নতুন ভেন্যুতে। অচেনা কন্ডিশন লিটনদের জন্য চ্যালেঞ্জিং। নারী দলের খেলা দেখে কন্ডিশন বোঝার চেষ্টা করেছেন তারা। লিটনের মতে, স্লো উইকেটে হতে পারে ম্যাচ। যেখানে ব্যাটারদের চেয়ে বেশি প্রভাব বিস্তার করবেন স্পিনাররা। এদিক মাথায় রেখে চোটাক্রান্ত মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় রহস্য স্পিনার খ্যাত আলিস আল ইসলামকে চূড়ান্ত স্কোয়াডে নেওয়া হয়েছে।
সেরা দল নিয়ে দেশের জন্য ভালো কিছু করে দেখাতে চান অধিনায়ক লিটন, ‘দেশের জন্য কোনো কিছু করতে পারা অনেক বড় বিষয়। আর সেটি যদি আমাদের মাধ্যম দিয়ে কোনো খেলার উন্নতি হয় বা অন্য কোনো স্পোর্টসের ভালো করতে প্রভাবিত করা যায়, আমরা সেটি করব। ফাইনাল খেলার রেকর্ড আছে আমাদের। এবার ফাইনাল খেলতে পারলে অন্য গেমসের জন্য ভালো হবে।’
২০২২ সালের এশিয়ান গেমসের ম্যাচগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও সেবার মূল দল পাঠায়নি বাংলাদেশ। এবার থেকে জাতীয় দল খেলাচ্ছে প্রতিটি দেশ। কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য জাপান জাতীয় দলের সঙ্গে সিরিজ খেলছে ভারত। বাংলাদেশও গুরুত্বসহকারে নিয়েছে গেমসের খেলা। লিটনের মতে, ‘গেমসে বাংলাদেশ দল বেশ কয়েকবার খেলেছে। আমি প্রথমবার খেলার সুযোগ পেয়েছি। এ রকম জায়গায় খেলা বড়