কুয়ালালামপুর থেকে রেডাং আইল্যান্ড ভ্রমণে যেতে হলে বাসে করে মেরাং জেটি এলাকায় পৌঁছে সেখান থেকে বোটে উঠতে হয়। যাতায়াত, থাকা, খাওয়া ও ডে ট্রিপ মিলিয়ে আমাদের ভ্রমণে জনপ্রতি মোট খরচ হয়েছিল প্রায় ৬০০ মালয়েশীয় রিঙ্গিত।

আটজনের এই ভ্রমণে ছিল দীর্ঘ বাসযাত্রা, থাকার জায়গা খুঁজতে গিয়ে বিড়ম্বনা, উত্তাল সমুদ্র আর এক দিনে সাতটি স্পট ঘুরে দেখার অভিজ্ঞতা।

আমাদের যাত্রা শুরু হয়েছিল কুয়ালালামপুরের টার্মিনাল বেরসেপাদু সেলাতান (টিবিএস) বাস টার্মিনাল থেকে। গন্তব্য ছিল মেরাং জেটি, যেখান থেকে বোটে করে যেতে হয় রেডাং আইল্যান্ডে। আমরা অনলাইনে বাসের টিকিট কেটেছিলাম। জনপ্রতি একমুখী বাসভাড়া ছিল ৫৫ রিঙ্গিত। সকাল সাড়ে ১০টায় বাস ছাড়ার কথা থাকায় টার্মিনালে সকালের নাশতা সেরে বাসে উঠে পড়ি।

কুয়ালালামপুর থেকে মেরাং জেটি এলাকায় পৌঁছাতে আমাদের প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছিল। দীর্ঘ যাত্রার পর সেখানে পৌঁছেও স্বস্তি মেলেনি। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট চেষ্টা করেও কোনো গ্র্যাব গাড়ি পাওয়া যাচ্ছিল না। অপেক্ষার মধ্যে গাড়িভাড়াও বাড়তে থাকে।

আমরা মোট আটজন ছিলাম। তাই প্রথমে চারজন একটি গ্র্যাব গাড়িতে রওনা হন। পরে বাকি চারজনও গাড়ি পেয়ে যান। এরপর আমরা চলে যাই আমাদের থাকার জায়গা সুতরা বিচ রিসোর্টে।

রেডাং আইল্যান্ডে থাকার পরিকল্পনা থাকলেও সেখানে রিসোর্ট বুকিং না পাওয়ায় আমাদের দ্বীপের বাইরে থাকার ব্যবস্থা করতে হয়েছিল। শেষ পর্যন্ত আমরা সুতরা বিচ রিসোর্টে উঠি।