রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুসারে ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আলী আফজাল ঋণখেলাপি হওয়ায় আইন অনুযায়ী তাঁর রিহ্যাব সভাপতি পদ শূন্য হিসেবে ঘোষণা করা হলো। গত ১৮ এপ্রিল রিহ্যাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আলী আফজাল।

এদিকে গতকাল রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিহ্যাব সভাপতি ড. আলী আফজালের সভাপতি পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের এই আদেশের ফলে ড. আলী আফজালের রিহ্যাব সভাপতি হিসেবে দায়িত্ব পালনের আইনগত অবস্থান বহাল রয়েছে। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে গত ১৫ সেপ্টেম্বর ড. আলী আফজালের দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশ অমান্য করলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও আইনজীবীর প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে।

ই-মেইল: [email protected], [email protected]