প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৪
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’ না থাকলে ঢাকা শহরের কোনো সন্ত্রাসী গ্রুপের এত সাহস নেই যে এমন একটি প্রতিষ্ঠানকে গুঁড়িয়ে দিতে পারে। আমি এখানে এসে পরিস্থিতি দেখে স্তম্ভিত।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।
পুলিশের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘তিন ঘণ্টা ধরে এ অপারেশন চলল, অথচ এখান থেকে থানা কত দূর? এ আধা কিলোমিটারের মধ্যে পুলিশ আসতে পারল না। আমাকে জানানো হয়েছে, ৯৯৯-এ কয়েকবার ফোন করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি। তার মানে, এসব সন্ত্রাসীর শেকড় বের করতে হবে এবং কারা এর সঙ্গে যুক্ত, তা প্রকাশ হওয়া দরকার।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। গণমাধ্যমসহ দেশবাসীকে এর ওপর নজর রাখতে হবে। বাংলাদেশ কেন, পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বর হামলার কথা আমার মনে পড়ে না। এটি একটি সেবাদানকারী প্রতিষ্ঠান, বিশেষ করে গরিব মানুষ এবং মা ও প্রসূতিদের জন্য একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর ওপর তো কারও রাগ থাকার কথা নয়। তারা রাতের বেলা ঘণ্টার পর ঘণ্টা ধরে লুটপাট চালাল, সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা তাদের শনাক্ত করা যায়নি।’
এ ঘটনার নিন্দা জানিয়ে মান্না আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর কাঠামোগত সংস্কারের যেসব বিষয় সামনে এসেছিল, তা করা হয়নি। সংস্কারের যেসব বিষয় মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত, তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি।