রাজশাহীতে টাকা খুচরা না দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার দোকানে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল বারী বাকির মোড় এলাকার বদরুল সরকারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসেন। তারা টাকা খুচরা করতে আবদুল বারীর দোকানে গেলে তিনি টাকা খুচরা করে দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

এর জের ধরে রাতে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে আবদুল বারীর দোকানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তার বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভাঙে। পরে দোকানের ভেতরে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

দোকানে আগুন লাগার পর আবদুল বারীসহ তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হামলাকারীরা চলে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত মুদি দোকানির মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।