প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৪
দিনের আলোয় জঙ্গলটা শান্ত। পাতায় পাতায় আলো, পাখির ডাক, আর দূর থেকে ভেসে আসে বাতাসের মৃদু শব্দ। সূর্য ডুবে গেলে নেমে আসে ঘন অন্ধকার, বদলে যায় চারপাশের শব্দ। লোকমুখে ছড়িয়ে থাকা গল্পগুলো নতুন করে জীবিত হয়ে ওঠে। সেই অন্ধকারে প্রবেশ করতে বারণ। কারণ, বিশ্বাস করা হয়, সূর্যাস্তের পর সেখানে মানুষের জন্য নিরাপদ নয়।
এই লোকবিশ্বাস আর রহস্যময় পরিবেশ ঘিরে তৈরি হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত নতুন সিনেমা ‘দ্য ভান: ফোর্স অব দ্য ফরেস্ট’। সম্প্রতি প্রকাশিত সিনেমার ট্রেলার আর টিজার দর্শকের মধ্যে উৎসাহ তৈরি করেছে। জঙ্গল, অজানা বিপদ আর একের পর এক নাটকীয় মোড়। সব মিলিয়ে ছবির গল্প যেন দর্শককে টেনে নেয় এক অন্ধকার জগতের দিকে।
‘দ্য ভান’ সিনেমার গল্পের কেন্দ্রে আছেন এমন একজন মানুষ, যিনি একটি সংরক্ষিত জঙ্গলে প্রবেশ করে প্রচলিত এক নিয়ম ভেঙে ফেলেন। সেই নিয়ম ভাঙার পর থেকে সব বদলাতে শুরু করে। জঙ্গলের স্বাভাবিক পরিবেশ ক্রমে হয়ে ওঠে অস্বাভাবিক। একের পর এক সামনে আসে রহস্য, ভয় আর অনিশ্চয়তা।
গল্পটি পুরোপুরি কল্পনা থেকে তৈরি নয়। এর পেছনে রয়েছে ভারতের বিহারের পাটনার কাছে অবস্থিত একটি প্রাচীন বনদেবী মন্দির ঘিরে থাকা নানা লোককথা। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এই মন্দিরের ইতিহাস ও স্থানীয় বিশ্বাস তাদের এই গল্প ভাবতে অনুপ্রাণিত করেছে। মন্দিরটি ঘিরে রয়েছে প্রচলিত কিছু নিয়ম এবং সূর্যাস্তের পর সেখানে প্রবেশ নিষিদ্ধ থাকার বিষয়টি তাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। পাটনার এই বনদেবী মন্দির স্থানীয়দের কাছে দীর্ঘদিনের পরিচিত একটি ধর্মীয় স্থান। প্রায় ৪০০ বছরের পুরোনো এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা লোককথা।
সবচেয়ে আলোচিত বিষয়, সূর্যাস্তের পর মন্দিরে প্রবেশ করা যায় না। মন্দিরের দরজা বন্ধ হওয়ার পর পুরোহিতরাও সেখান থেকে চলে যান। রাতে মন্দিরে থাকার অনুমতি তাদেরও নেই। স্থানীয় বিশ্বাসের সঙ্গে এর একটি অতিপ্রাকৃত ব্যাখ্যাও জড়িয়ে আছে।