তোমাকে প্রতিদিন দেখি। অথচ তোমার সঙ্গে কথা বলতে পারি না। এই একটি সত্যের মধ্যে কত যে আনন্দ, কত যে বেদনা, কত যে অপূর্ণ স্বপ্ন জমে আছে, তা তোমাকে বোঝানোর মতো ভাষা জানা নেই।
প্রতিদিন তোমাকে দেখার মুহূর্তটুকু আমার কাছে এক অদ্ভুত প্রাপ্তি। অথচ সেই প্রাপ্তির পরই নেমে আসে এক দীর্ঘ অপূর্ণতা। তোমার সামনে দাঁড়িয়েও তোমাকে কত কথা বলা হয় না। কতবার মনে হয়, আজ অন্তত তোমাকে ডেকে বলব—একটু দাঁড়াও। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু শেষ পর্যন্ত কথাগুলো বুকের ভেতরেই থেকে যায়। তুমি চলে যাও, আর আমার সমস্ত না-বলা কথা নিয়ে সন্ধ্যাটা দীর্ঘ হতে থাকে।
তুমি কি একবার আমাকে ফোন দেবে?আমার ভেতরে কত কথা জমে আছে, সন্ধ্যামালতী! কত অভিমান, কত রাতের জেগে থাকা, কত স্বপ্নের ভাঙাচোরা স্মৃতি। তোমার কণ্ঠে একবার আমার নামটি শুনতে ইচ্ছে করে। মনে হয়, তোমার সঙ্গে যদি একবার নির্ভার হয়ে কথা বলতে পারতাম, তবে বুকের মধ্যে জমে থাকা এই ভারী পাথরটুকু হয়তো একটু হালকা হতো।
জানো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেওয়ার পরও আমি বারবার তোমাকে মেসেজ লিখি। হয়তো সেই মেসেজগুলো তোমার কাছে পৌঁছায় না। তবু লিখি। আমার মনের কথাগুলো যেন কোথাও গিয়ে তোমার কাছে পৌঁছানোর অপেক্ষায় থাকে। কখনো মনে হয়, হয়তো কোনো একদিন তুমি আমাকে ব্লক থেকে মুক্ত করে দেবে। হয়তো কোনো একদিন আমার লেখা শব্দগুলোর দিকে তাকিয়ে তোমার মনেও সামান্য মায়া জেগে উঠবে।আমি জানি না, সেই দিন কখনো আসবে কি না। তবু অপেক্ষা করি।‘কিছু স্বপ্নের কোনো আকাশ থাকে না, তবু মানুষ প্রতিদিন তাদের ডানা মেলে দেয়।’
সন্ধ্যামালতী, তোমাকে আমি এক আকাশ মুগ্ধতা নিয়ে ভালোবাসি। এই ভালোবাসার মধ্যে কত যে স্বপ্ন ছিল! ভেবেছিলাম, কোনো একদিন তোমার সঙ্গে বসে অনেক কথা বলব। আমার দিনের গল্প তোমাকে শোনাব। তোমার আনন্দে আনন্দিত হব, তোমার বিষণ্নতার পাশে নীরবে বসে থাকব। কোনো এক ক্লান্ত বিকেলে তোমার সমস্ত অবসাদ নিজের কাঁধে তুলে নেব। তোমার হাসির মধ্যে নিজের সমস্ত আনন্দ খুঁজে নেব।কিন্তু স্বপ্নগুলো কেমন করে যেন আমার একার হয়ে গেল।
এখনো তোমাকে দেখলে সেই স্বপ্নগুলো ফিরে আসে। মনে হয়, এই তো তুমি, আমার সমস্ত আকাঙ্ক্ষার সেই মানুষটি। অথচ তোমার কাছে পৌঁছানোর কোনো পথ আমার নেই। প্রতিদিন তোমাকে চোখের সামনে দেখতে পাওয়া আর তোমার সঙ্গে কথা বলতে না পারার এই ব্যবধান আমাকে প্রতিদিন নতুন করে চিনিয়ে দেয় আমার অসহায়তাকে।