যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘নর-ইস্টার’-এর প্রভাবে ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটন ডি.সি. থেকে মেইন পর্যন্ত সপ্তাহান্তে আঘাত হানা ঝড়টির কারণে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং শনিবার একপর্যায়ে এক লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ার-আউটেজ-ডট-কম-এর তথ্য অনুযায়ী, শনিবার ইস্টার্ন টাইম রাত ৯টা ৩৭ মিনিট (জিএমটি সময় ০১:৩৭) পর্যন্ত কানেকটিকাট, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ৭৩ হাজারের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

নিউ ইয়র্ক ও কানেকটিকাট— দুই অঙ্গরাজ্যেই ২০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। দিনের শুরুর দিকে কানেকটিকাট, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া ও নিউ জার্সি—এই চার অঙ্গরাজ্য মিলিয়ে বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা এক লাখেরও বেশি ছিল।

এনজে-ডট-কম- এর প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জার্সির উত্তরাঞ্চলীয় বার্গেন কাউন্টি থেকে দক্ষিণের শেষ প্রান্তের কেপ মে কাউন্টি পর্যন্ত বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। ‘জার্সি শোর’ এলাকার কিছু জনবসতি থেকে বাসিন্দাদের স্বেচ্ছায় সরে যাওয়ার (ইভাকুয়েশন) ঘটনাও ঘটেছে।

ইস্ট রাদারফোর্ডের ‘মেটলাইফ স্টেডিয়াম’ কর্তৃপক্ষ জানিয়েছে, রক ব্যান্ড এসি/ডিসি-র শুক্রবারের কনসার্টটি পিছিয়ে ২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইট-অ্যাওয়ার- এর তথ্যমতে, শনিবার ইস্টার্ন টাইম রাত ৯টা ৫০ মিনিট (জিএমটি সময় ০১:৫০) পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ৪৪৫টি ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ১৬টি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে।