নারী শিল্পীদের দাপটে শেষ হলো ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)। এবারের আসরে তিনটি পুরস্কার জিতেছেন ম্যাডোনা, আর রাতের সবচেয়ে বড় পুরস্কারসহ তিনটি পুরস্কার পেয়েছেন টেইলর সুইফট।

অনুষ্ঠানের আগে ১৩টি মনোনয়ন নিয়ে সবচেয়ে বেশি মনোনীত শিল্পী ছিলেন ৬৮ বছর বয়সী ম্যাডোনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জেতেন তিনটি পুরস্কার—সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ‘বেস্ট কলাবোরেশন’, ‘বেস্ট ড্যান্স’ এবং ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’। সব মিলিয়ে এবারের আসরে তার পুরস্কারের সংখ্যা সাত।

‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার গ্রহণের সময় ম্যাডোনা বলেন, ‘তোমাদের বেশির ভাগই হয়তো তখন জন্মাওনি, যখন ৪৩ বছর আগে প্রথম ভিএমএতে আমি পারফর্ম করেছিলাম।’

নিজের দীর্ঘ ক্যারিয়ারের কথা স্মরণ করে তিনি জানান, গত দেড় বছর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। নিজের ওপর বিশ্বাস রাখা এবং নিজের পছন্দের গান তৈরি করার ওপরও জোর দেন তিনি। একইভাবে অন্যদেরও নিজেদের খুঁজে নিয়ে নিজের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানান ম্যাডোনা।

এদিকে তিনটি পুরস্কার জিতেছেন টেইলর সুইফট। এর মধ্যে অন্যতম রাতের সবচেয়ে বড় পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’, যা তিনি পান ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের জন্য। পাশাপাশি প্রথমবার দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর’ সম্মানও পেয়েছেন তিনি।

নতুন এই পুরস্কারটি এমন সংগীতশিল্পীদের জন্য, যারা ক্যামেরার পেছনে কাজ করে মিউজিক ভিডিও নির্মাণের সম্ভাবনাকে আরও বিস্তৃত করেছেন। ভিএমএর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া একক শিল্পী এবং সবচেয়ে বেশি মিউজিক ভিডিও পরিচালনাকারী শিল্পী হিসেবে সুইফটের অবদানের স্বীকৃতিই এতে দেওয়া হয়েছে।